হিলারির লক্ষ্য সিরিয়ায় নো-ফ্লাই জোন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন নির্বাচিত হলে সিরিয়ায় নো-ফ্লাই জোন বা উড্ডয়ননিষিদ্ধ অঞ্চল তৈরি করার অঙ্গীকারে অটল থাকার কথা বলেছেন। তিনি বলেছেন, এটা আরোপ করার চেয়ে বরং আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে হবে।
হিলারি ও তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় (বাংলাদেশে আজ বৃহস্পতিবার সকাল) লাস ভেগাসে তৃতীয় দফা মুখোমুখি বিতর্কে অংশ নেন। সেখানে হিলারি তাঁর এ অঙ্গীকারের কথা পুনরায় ব্যক্ত করেন। আজ এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হিলারি বলেন, ‘আমি মনে করি নো-ফ্লাই জোন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় থাকা মানুষের জীবন রক্ষা করতে ও সংঘাতের দ্রুত সমাপ্তি ঘটাতে পারে।’
সিরিয়ার সরকার বা তার সমর্থক রাশিয়ার সঙ্গে সংঘাতকে উসকে দেওয়া যে যৌক্তিকভাবেই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াবে, তা হিলারি মেনে নিয়েছেন। কারণ, তাঁদের ভূমিতে আগাম অস্ত্র প্রতিরোধব্যবস্থা রয়েছে। এ অবস্থায় হিলারি আলোচনা প্রয়োজন বলে মনে করেন।
হিলারি বলেন, ‘এ জন্য অনেক আলোচনা করতে হবে। এর মধ্য দিয়ে আমরা যে সিরিয়াকে নিরাপদ অঞ্চল হিসেবে দেখতে চাই, তা সিরিয়া ও রাশিয়ার লোকজনকে বোঝাতে সক্ষম হব।’