অবশেষে ভালো খবরের মুখ দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গত রোববার একাধিক জাতীয় জরিপের ফল বেরিয়েছে, তাতে সামান্য হলেও হিলারির সঙ্গে নিজের দূরত্ব কমিয়ে আনতে পেরেছেন ট্রাম্প।
গত মাসের শেষ সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের পর হিলারি ক্লিনটন প্রায় প্রতিটি জনমত জরিপে ক্রমাগত এগিয়ে ছিলেন। অন্যদিকে নানা বিতর্কে জড়িয়ে ক্রমশ পিছিয়ে পড়ছিলেন ট্রাম্প। গত সপ্তাহে নিজের নির্বাচনী প্রচারণার দল ঢেলে সাজানোর পাশাপাশি কথাবার্তা সংযত হয়ে বলা শুরু করেছেন ট্রাম্প। টেলিপ্রিন্টার দেখে লিখিত ভাষণ পড়াও রপ্ত করেছেন।
জরিপগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিসংখ্যানটি এসেছে বিখ্যাত নির্বাচনী বিশ্লেষক নেট সিলভারের কাছ থেকে। বিভিন্ন জরিপের গড় পরিসংখ্যান ব্যবহার করে তিনি জানিয়েছেন এ মুহূর্তে জাতীয় পর্যায়ে হিলারি ট্রাম্পের চেয়ে ৫ থেকে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছেন, যা এর আগের সপ্তাহের গড় হিসাবের চেয়ে ১ থেকে ২ পয়েন্ট কম। ইলেক্টোরাল ভোটের হিসাবে তাঁর জয়ের সম্ভাবনাও কিঞ্চিৎ বেড়ে হয়েছে ১৫ শতাংশ। অবশ্য একই মডেলে হিলারির জয়ের সম্ভাবনা ৮৪ শতাংশ। প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হলে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে।
তবে রাজ্য পর্যায়ের জরিপে হিলারি এখনো এগিয়ে। বস্তুত, নেট সিলভারের মডেল অনুসারে, গুরুত্বপূর্ণ ‘ব্যাটলগ্রাউন্ড স্টেটগুলোতে’ হিলারির অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এগুলো হলো যুক্তরাষ্ট্রের সেই সব অঙ্গরাজ্য যেখানে কোনো একটি দলের স্পষ্ট আধিপত্য নেই।