হিলারির সহানুভূতি চেয়েছিলেন রাড
নেতৃত্ব হারানোর পর যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছ থেকে সহানুভূতি প্রত্যাশা করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড। খবর এএফপির।
গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত হিলারির চার হাজারের বেশি ই-মেইলের একটিতে এ তথ্য উঠে এসেছে। পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ক্লিনটন ব্যক্তিগত সার্ভারের মাধ্যমে ওই সরকারি কাজের ই-মেইলগুলো করায় তাঁর বিরোধীরা সমালোচনার ঝড় তুলেছে।
২০১০ সালের মাঝামাঝি কেভিন রাডের বিরুদ্ধে লেবার পার্টিতে অভ্যুত্থান ঘটিয়ে জুলিয়া গিলার্ড অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হন। আর ২০১০ সালের ৩০ জুন অস্ট্রেলিয়ায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেফরি ব্লেইচ পররাষ্ট্র দপ্তরে এক ই-মেইল পাঠান। সেখানে তিনি লিখেছেন, ‘আমি অবশেষে রাডের সঙ্গে কথা বলেছি। যদিও তিনি সহানুভূতির বিষয়ে কথা বলেননি। তবে তাঁর সহকারী দূতাবাস কর্মকর্তা এডগার্ডকে ডেকে বলেছেন, রাড ‘এস’-এর (এখানে ‘এস’ অর্থ সেক্রেটারি অর্থাৎ হিলারি) ফোনকল পাননি। তিনি তাঁর একটি সহানুভূতিপূর্ণ ফোনকল আশা করছেন।’