
একের পর এক বেফাঁস আর আপত্তিকর মন্তব্য করে নিজের অবস্থান বেশ নাজুক করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জনমত জরিপেও ধারাবাহিকভাবে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে পিছিয়ে থাকছেন তিনি। আপাতদৃষ্টে হিলারি সুবিধাজনক অবস্থানে থাকলেও বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই নাজুক অবস্থাও বিপদ হয়ে উঠতে পারে হিলারির জন্য।
একদিকে খোদ রিপাবলিকান পার্টির সিনিয়র নেতারা ছেড়ে যাচ্ছেন ট্রাম্পকে। তার ওপর রিপাবলিকান পার্টির একগুঁয়ে এই প্রার্থীকে পছন্দ করছেন না সাধারণ ভোটারদের অনেকে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোও ট্রাম্পকে প্রেসিডেন্ট হওয়ার ‘অযোগ্য’ ঘোষণা দিয়ে হিলারিকে সমর্থন দিতে শুরু করেছে। বিশ্লেষকেরা বলছেন, এসব খবরে স্বস্তিতে থাকা হিলারির সমর্থকেরা হয়তো নির্বাচনের দিন ভোটই দিতে যাবেন না। আর এমনটা হলে বিপদে পড়বেন স্বয়ং হিলারি।
বিশেষজ্ঞদের ভাষ্য, হিলারি দুই ধরনের বিপদে পড়তে পারেন। এক. তিনি নির্বাচিত হয়ে হোয়াইট হাউসে প্রবেশ করবেন ঠিকই, কিন্তু নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবেন না। আর দুই. আগামী ৮ নভেম্বরের নির্বাচনে হয়তো ভরাডুবিও হতে পারে হিলারির।
জনমত জরিপগুলো বলছে, ট্রাম্পকে রুখতে বহু ভোটার হিলারিকে সমর্থন করছেন। বিশ্লেষকদের আশঙ্কা, এই ভোটাররা যদি ভেবে বসেন যে ট্রাম্পের জয় পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই, তাঁরা হয়তো ভোট দিতে আর নির্বাচন কেন্দ্রেই যাবেন না।
রয়টার্স/ইপসসের সাম্প্রতিক জরিপগুলো বলছে, হিলারির অর্ধেক সমর্থক শুধু ট্রাম্পের জয় ঠেকাতে তাঁকে সমর্থন করছেন। মাত্র ৩৬ দশমিক ৫ শতাংশ বলেছেন, হিলারির নীতির কারণে তাঁকে সমর্থন করছেন তাঁরা। আর হিলারিকে ব্যক্তিগতভাবে পছন্দ করায় তাঁকে সমর্থন করছেন ১২ দশমিক ৬ শতাংশ ভোটার। ২০০৫ সালে ধারণ করা নারীকে অবমাননা করে ট্রাম্পের মন্তব্যের ভিডিওটি গত শুক্রবার ফাঁস হওয়ার আগে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে সর্বশেষ জরিপটি পরিচালিত হয়।
নির্বাচন বিশেষজ্ঞ মাইকেল ম্যাকডোনাল্ড বলেন, ‘নির্বাচনে প্রতিযোগিতা আর ভোটার উপস্থিতি পরস্পর সম্পর্কযুক্ত। প্রতিযোগিতা যত বেশি, ভোটার উপস্থিতি তত বেশি হয়।’ তিনি বলেন, তরুণ আমেরিকান, কৃষ্ণাঙ্গ, লাতিন আমেরিকান এবং নিম্ন আয়ের ভোটাররাই বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকে ২০০৮ সালে জয় এনে দিয়েছিলেন। কিন্তু হিলারি সব সময়ই ট্রাম্পকে প্রেসিডেন্ট হওয়ার জন্য অযোগ্য প্রমাণে ব্যস্ত থেকেছেন। এতে তাঁর সমর্থন বেড়েছে ঠিকই, কিন্তু দৃশ্যত প্রতিযোগিতা কমে যাওয়ায় জয় পাওয়াটা কঠিন করে তুলেছে।
খোদ হিলারির কমিউনিকেশনস ডিরেক্টর জেনিফার পালমিয়েরি স্বীকার করেছেন, ট্রাম্পের বিপক্ষে জয় পাওয়া খুব একটা সহজ হবে না। তিনি বলেন, ‘তাঁর বিপরীতে প্রচারণা খুবই কঠিন। কারণ, তিনি পদে পদে বিতর্কের জন্ম দিয়ে সংবাদের শিরোনাম হচ্ছেন।’
এদিকে গত রোববারের বিতর্কে হিলারি বলেছিলেন, নির্বাচিত হলে সিরিয়ার জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দমনে তিনি মার্কিন-সমর্থিত কুর্দি যোদ্ধাদের অস্ত্র সরবরাহ করবেন। এর জবাবে গতকাল মঙ্গলবার তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম বলেন, হিলারির প্রস্তাব ‘অনৈতিক’ এবং ন্যাটোর সহযোগী দেশ হিসেবে ‘মানানসই’ নয়।