হিলারির 'অতিগোপন' কিছু ই-মেইল প্রকাশ করা হবে না
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ক্লিনটনের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পাঠানো ‘অতিগোপন’ তথ্যসংবলিত ই-মেইলগুলো প্রকাশ করা হবে না বলে জানিয়েছে বারাক ওবামার সরকার। খবর এএফপির।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কারবি বলেন, ২২টি নথিতে বিভক্ত হিলারির আলোচ্য ই-মেইলগুলো ৩৭ পৃষ্ঠার। সাতটি ধাপে পাঠানো এসব ই-মেইল জনসমক্ষে প্রকাশ করা হবে না। হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় তাঁর এবং প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে বিনিময় হওয়া আরও ১৮টি ই-মেইলও প্রকাশ করা হবে না।
প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় মনোনয়নপ্রত্যাশীদের গুরুত্বপূর্ণ প্রথম প্রাক্-বাছাই আইওয়া ককাস ভোটাভুটির তিন দিন আগে গত শুক্রবার হিলারির ‘অতিগোপন’ ই-মেইল নিয়ে এই খবর বের হয়।
শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে কারবি বলেন, ‘যখন ই-মেইলগুলো পাঠানো হয়েছিল, তখন এগুলো গোপনীয় হিসেবে চিহ্নিত হয়নি। ই-মেইলগুলো জনসমক্ষে প্রকাশ করাকে সামনে রেখে পর্যালোচনায় দেখা গেছে, সেগুলোতে অত্যন্ত গোপনীয় তথ্য রয়েছে।’