হিলারি বনাম স্যান্ডার্স: কে বেশি প্রগতিশীল?

গত সপ্তাহে আইওয়ার প্রাক্-নির্বাচনী ভোটে সুতো পরিমাণ ব্যবধানে জয়ের পর হিলারি ক্লিনটন নিজের অবস্থান সুদৃঢ় করতে প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্সের সঙ্গে আরও একটি অনির্ধারিত বিতর্কে মিলিত হলেন বৃহস্পতিবার। নিউ হ্যাম্পশায়ারের ডারহামে অনুষ্ঠিত এই বিতর্কে হিলারির লক্ষ্য ছিল স্যান্ডার্সের তুলনায় নিজেকে শুধু ‘অধিক প্রগতিশীল’ হিসেবে প্রতিষ্ঠাই নয়, অধিক ‘বাস্তবধর্মী’ প্রমাণ করা। সে কাজে তিনি সক্ষম হয়েছেন কি না তার জবাব নির্ভর করছে কে সেই প্রশ্নের জবাব দিচ্ছেন।
হিলারির জন্য সমস্যা হলো, নিউ হ্যাম্পশায়ারে স্যান্ডার্স তাঁর তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে। স্যান্ডার্স প্রতিবেশী রাজ্য ভারমন্টের সিনেটর, কাজেই তাঁর প্রতি নিউ হ্যাম্পশায়ারবাসীর রয়েছে একধরনের স্বাভাবিক সহানুভূতি ও সমর্থন। আরও বড় কথা, উদারনৈতিক হিসেবে পরিচিত এই ক্ষুদ্র অঙ্গরাজ্যের তরুণ ও অধিক শিক্ষিত ভোটাররা অনেক আগে থেকেই স্যান্ডার্সের ‘রাজনৈতিক বিপ্লবে’ উষ্ণ সমর্থন জানিয়েছেন। অন্যদিকে নিজেকে প্রগতিশীল দাবি করলেও ওয়ালস্ট্রিটের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে হিলারির প্রতি নির্বাচকদের সন্দেহ ও অবিশ্বাস থেকেই যাচ্ছে।
চলতি নির্বাচনী প্রচারণার আগে হিলারিসহ প্রায় সব ডেমোক্রেটিক রাজনীতিক ‘লিবারেল’ (উদারনৈতিক) ও ‘প্রগ্রেসিভ’ (প্রগতিশীল) শব্দ দুটি এড়িয়ে চলতেন। নিজেদের ‘মডারেট’ বা মধ্যপন্থী বলাতে অধিক স্বাচ্ছন্দ্য বোধ করতেন তাঁরা। স্যান্ডার্স সে হিসাব পুরো বদলে দিয়েছেন। তিনি নিজেকে কেবল প্রগতিশীলই নয়, ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে পরিচয় করাচ্ছেন। হিলারির জন্য চ্যালেঞ্জ ছিল নিজেকে নিদেনপক্ষে প্রগতিশীল প্রমাণ করা।
‘প্রগতিশীল কে’—এই প্রশ্নের জবাবে হিলারি বললেন, ‘আমার চোখে প্রগতিশীল বলতে বোঝায় এমন কেউ, যার পক্ষে প্রগতি অর্জন সম্ভব। প্রেসিডেন্ট হলে আমি ঠিক তা-ই করব।’ স্যান্ডার্সকে তিনি অবাস্তব ও অনভিজ্ঞ আখ্যা দেন। ওয়ালস্ট্রিট থেকে চাঁদা তুলেছেন বলে তিনি আর প্রগতিশীল নন-স্যান্ডার্সের এই অভিযোগ নস্যাৎ করে হিলারি বললেন, সে কথা ঠিক হলে প্রেসিডেন্ট বারাক ওবামাও প্রগতিশীল নন।
স্যান্ডার্স বলেন, প্রেসিডেন্ট ওবামা একজন প্রগতিশীল এ কথা তিনি মানেন। তবে তাঁর সঙ্গে অনেক প্রশ্নেই তিনি দ্বিমত পোষণ করেন।
স্যান্ডার্স মনে করিয়ে দেন, হিলারি নিজেকে এর আগে ‘মডারেট’ হিসেবে পরিচয় দিতেই ভালোবাসতেন। তিনি বলেন, যে ব্যক্তি ওয়ালস্ট্রিট থেকে দেড় কোটি ডলার চাঁদা তোলেন অথবা বক্তৃতাপিছু লাখ লাখ ডলার ‘ফি’ নেন, তিনি আর যাই হোন উদারনৈতিক বা প্রগতিশীল কোনোটাই নন। স্যান্ডার্স অভিযোগ করেন, ওয়ালস্ট্রিট, বিশেষত ‘জ্বালানি লবি’ থেকে মোটা চাঁদা পাওয়ার কারণেই হিলারি দীর্ঘদিন ‘জলবায়ু পরিবর্তন’ প্রশ্নে কোনো নতুন আইন প্রণয়নে বিরোধিতা করে এসেছেন।
মার্কিন প্রভাবশালী আর্থিক প্রতিষ্ঠানগুলোর কেন্দ্রস্থল বিতর্কিত ওয়ালস্ট্রিট থেকে তোলা চাঁদা ও বক্তৃতা ফি-র প্রশ্নটি একজন সঞ্চালক তুললে তা হিলারির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। হিলারি স্বীকার করেন, এ ব্যাপারে নিজের অবস্থান তিনি ভালোভাবে ব্যাখ্যা করতে পারেননি।
বৃহস্পতিবারের বিতর্কে এই দুই প্রার্থী যে তীব্র বাদানুবাদে লিপ্ত হন, তা এর আগের অতি শালীন ও সভ্য বিতর্কের তুলনায় বেশ ভিন্ন ছিল। উভয় প্রার্থী তাঁদের গলা স্বাভাবিকের চেয়ে উঁচিয়ে কথা বলেন, একে অপরের বিরুদ্ধে সরাসরি দ্বিচারিতার অভিযোগ তোলেন ও প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।