হিসপানিকদের আদৌ পটাতে পারবেন ট্রাম্প?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প তাঁর বাগড়ম্বরে হিসপানিক ভোটারদের ওপর বেশ আস্থা প্রকাশ করেন। কিন্তু বাস্তবে এ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এসব ভোটারের ঝোঁক ডেমোক্র্যাটদের দিকে। তাঁরা বলছেন, এ ক্ষেত্রে ট্রাম্প মিছেমিছি তাঁর কোটি কোটি ডলার আর সময় নষ্ট করছেন।
এবারের নির্বাচনে ক্যালিফোর্নিয়ায় বড় ধরনের ঝামেলায় পড়বে রিপাবলিকান দল। ৭ জুন সেখানে তাদের প্রাথমিক বাছাইপর্ব হওয়ার কথা। ক্যালিফোর্নিয়ায় দিন দিন শ্বেতাঙ্গের সংখ্যা কমছে। বিপত্তিটা সেখানেই। হিসপানিক জাতিগোষ্ঠীর কাছে তারা জনপ্রিয় নয়।
ট্রাম্প এখন যতই হিসপানিকদের প্রতি ভালোবাসা জানান না কেন, কাজ হবে না। তিনি বরাবরই মেক্সিকানদের তুলোধোনা করেছেন। বলেছেন, মেক্সিকানরা ধর্ষক, মাদক পাচারকারী। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে সীমান্তপ্রাচীরও নির্মাণ করতে চেয়েছেন। যুক্তরাষ্ট্রে হিসপানিকদের বেশির ভাগই মেক্সিকান-বংশোদ্ভূত মার্কিনি। আর তাঁরা স্বভাবতই ট্রাম্পবিরোধী।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সময় রিপাবলিকানদের ঘাঁটি ছিল ক্যালিফোর্নিয়া। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্যালিফোর্নিয়ায় বিভক্তি এসেছে। হিসপানিক ও ডেমোক্র্যাটরাই মূলত সেখানকার ভোটার। গত দুই দশকে কোনো রিপাবলিকান প্রার্থী এই রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হননি।
ইউসিএলএ ডিপার্টমেন্ট অব চিকানা ও চিকানা স্টাডিজের সহযোগী অধ্যাপক রাউল হিনোজোসা বলেন, ক্যালিফোর্নিয়ায় রিপাবলিকানদের সিনেট বা গভর্নর আসনে জয় প্রায় অসম্ভব। গ্যালাপের সাম্প্রতিক জরিপ অনুসারে, ৭৭ শতাংশ লাতিনোর ট্রাম্প সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। লাতিনোরাও হিসপানিকদের অন্তর্ভুক্ত।

ক্যালিফোর্নিয়ায় হিসপানিকরা বড় জাতিগত বা সাংস্কৃতিক গোষ্ঠী। সেখানে ৪০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে ২০ শতাংশ হিসপানিক। হিনোজোসা বলেন, গত ২০ বছরে ক্যালিফোর্নিয়ায় হিসপানিকদের অন্তর্ভুক্ত লাতিনোদের ভোট দ্বিগুণের চেয়েও বেড়েছে।

লস অ্যাঞ্জেলস অভিবাসনপ্রত্যাশীদের অধিকারবিষয়ক জোটের (কোয়ালিশন ফর হিউম্যান ইমিগ্রান্ট রাইটস) সদস্য ডায়না কলিন বলেন, রিপাবলিকানরা সেখানে মাত্র ১৬ দশমিক ৫ শতাংশ হিসপানিক ভোটার তৈরি করতে পেরেছে।

হিসপানিকদের মাঝে যে ট্রাম্প মোটেই জনপ্রিয় নন তার প্রমাণ মেলে সম্প্রতি ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত তাঁর জনসমাবেশগুলোতে। সেখানে শ্বেতাঙ্গ, এশীয়রা থাকলেও অল্পসংখ্যক লাতিনও ছিল। এই রাজ্যে হিসপানিকরা অনেকবার ট্রাম্পবিরোধী সমাবেশ করেছে।

ট্রাম্প যুক্তরাষ্ট্রে থাকা এক কোটিরও বেশি অনিবন্ধিত শরণার্থীকে বের করে দেওয়ার হুমকি দেন। এতেও হিসপানিকরা তাঁর প্রতি চরম বিরক্ত।

রাজনৈতিক জরিপ অনুসারে, ১ জানুয়ারি থেকে ক্যালিফোর্নিয়ায় ২০ লাখ নতুন নিবন্ধিত ভোটার রয়েছেন। ২০১২ সালের তুলনায় এই সংখ্যা ২০০ শতাংশ বেড়েছে। তাদের মধ্যে অর্ধেক ডেমোক্র্যাট ও এক-চতুর্থাংশ হিসপানিক।

লস অ্যাঞ্জেলস অভিবাসনপ্রত্যাশীদের অধিকারবিষয়ক জোটের কলিন আরও বলেন, খুব কম হিসপানিকই রিপাবলিকানকে সমর্থন করে।

যুক্তরাষ্ট্রে হিসপানিক জনগোষ্ঠীর ৬০ শতাংশই মেক্সিকান-বংশোদ্ভূত মার্কিনি। ১৯৮৬ সালে রোনাল্ড রিগ্যানের সময়ে তাদের অধিকার সবচেয়ে বেশি রক্ষা হয়েছিল।

হিজোনোসা বলেন, অতীতে কিউবা-বংশোদ্ভূত মার্কিনিরা রিপাবলিকানদের ভোট দিতেন। কিন্তু শরণার্থীদের তাড়িয়ে দেওয়ার হুমকির কারণেই ট্রাম্প থেকে মুখ ফেরান তাঁরা।

ক্যালিফোর্নিয়া রিপাবলিকান ন্যাশনাল হিসপানিকনিক অ্যাসেম্বলির দেলোরেজ চাভেজের সন্দেহ, লাতিনোরা মনে মনে ট্রাম্পকে সমর্থন করতে পারেন। কিন্তু জনসমক্ষে সেটি বলতে তাঁরা ভয় পান। তবে হিসপানিকরা যে ট্রাম্পকে সমর্থন করেন না, এতে কোনো সন্দেহ নেই।

হিনোজোসা আরও বলেন, ক্যালিফোর্নিয়ায় প্রভাব এবং তথ্য ও পরিসংখ্যান অনুসারে, ২০৬০ সালে লাতিনোরা এক-তৃতীয়াংশ জনগোষ্ঠীতে পরিণত হবে। অর্থাৎ, আগামী ১৫ বছরে লাতিনো ভোটারের সংখ্যা তিন থেকে চার কোটিতে পৌঁছাবে। টেক্সাস ও ফ্লোরিডাতেও লাতিনোদের সংখ্যা বাড়ছে। আর তাই ভবিষ্যতে রিপাবলিকানদের উদ্বেগ বাড়বে। সেই সঙ্গে বাড়বে ডেমোক্র্যাটদের আশা।