হিস্পানিক অব দ্য ইয়ার পুরস্কার পেলেন সেলেস্থা ফার্নান্দেজ

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে হিস্পানিক কমিউনিটির নেত্রী সেলেস্থা ফার্নান্দেজকে ‘হিস্পানিক অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর দুপুরে সিটি হলের সামনে ‘হিস্পানিক হেরিটেজ মাস’ উদ্যাপন উপলক্ষে লা কাসা ডোমিনিকানা নিউজার্সি ইন্ক-এর উদ্যোগে এক অনুষ্ঠানে সেলেস্থা ফার্নান্দেজকে এই পুরস্কার দেওয়া হয়। আয়োজক সংগঠনের প্রধান লুইস রদ্রিগেজ এই পুরস্কার তুলে দেন।
এ ছাড়া এই অনুষ্ঠানে সেলেস্থা ফার্নান্দেজ কংগ্রেশনাল প্রোক্লেমেশন, সিনেট কমেনডেশন, অ্যাসেম্বলি রিকগনিশন, সার্টিফিকেট অব রিকগনিশনসহ বেশ কিছু পুরস্কার পান।
অনুষ্ঠানে ফিলাডেলফিয়ার মেক্সিকো কনস্যুলেটের কনসাল অব প্রোটেকশন সেবাস্তিয়ান আলফানসো গেলভান ডুকিউ কোভাররুবাইয়াস, আটলান্টিক সিটি মেয়রের ডেপুটি চিফ অব স্টাফ মো. আইয়ুব, কংগ্রেসম্যানের কমিউনিটি পরিচালক ডারউড পিনকেট, কাউন্সিলর কলিম শাহবাজ, লাতিন নেতা পেড্রো জে সানটানাসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লাতিন সংগীত পরিবেশিত হয়।