হুইপ শাহাব উদ্দীনকে ওয়াশিংটনে সংবর্ধনা

শেখ হাসিনা সরকারের উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। শুধু তা-ই নয়, ফেরিওয়ালাদের মতো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলতে হবে, ‘বিদ্যুৎ লাগবে ভাই, বিদ্যুৎ?’ ১৫ এপ্রিল ওয়াশিংটনে গণসংবর্ধনা জবাবে মৌলভীবাজারের সংসদ এবং জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দীন এসব কথা বলেন। প্রবাসী মৌলভীবাজারবাসী এ গণসংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ি-বড়লেখা প্রবাসী আবদুল মান্নান। সভা পরিচালনা করেন শেখ মামুন। বিশেষ অতিথির বক্তব্য দেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিব্বীর আহমেদ, সাধারণ সম্পাদক এম নবী বাকী, ছাত্রনেতা বিজন সিং। শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্রনেতা মাসুদ হাসান, মেট্রো ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল হোসেন শিকদার, জিয়াউদ্দীন খান, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ সহসভাপতি আবুল হাশেম শিকদার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয় জুড়ি-বড়লেখা প্রবাসী শিশু অপূর্ব, আদিয়ান, মাহরিন ও রিয়া। এরপর মেট্রো ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল হোসেন শিকদার, সহসভাপতি উত্তম মণ্ডল, সাধারণ সম্পাদক খিজির আহমেদ টিটু, যুগ্ম সম্পাদক জাহিদ ইসলাম ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করেন। অনুষ্ঠানে মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগ সভাপতি রবিউল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সর্বজিৎ দাস তূর্য, মেট্রো ওয়াশিংটন আওয়ামী মহিলা লীগ ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা নবী, সাধারণ সম্পাদক শারমিন আহমেদ মলিসহ বড়লেখা-জুড়ি এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শাহাব উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের সময় বাংলাদেশে সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে এবং দেশের প্রায় ৮০ শতাংশ জনগোষ্ঠী বিদ্যুতের আওতায় এসেছে। তিনি বলেন, আগামী ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করবে এবং ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে।