হুট করে বাবার আসনে ইভাঙ্কা

জার্মানির হামবুর্গে উন্নত অর্থনীতির ২০টি দেশ জি-২০-এর সম্মেলনে অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সফরসঙ্গী মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। গতকাল শনিবার সম্মেলন চলাকালে এক কাণ্ড করে বসেন ইভাঙ্কা। সম্মেলনের মধ্যেই বাবার জন্য নির্ধারিত আসনে বসে পড়েন তিনি।
সম্মেলনের এক ফাঁকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদোর সঙ্গে বৈঠক করার জন্য নিজের আসন ছেড়ে যান। তাঁর আসনের দুই পাশে বসেছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। তখন এসে বাবার আসনে বসেন ইভাঙ্কা। এই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে দেন রাশিয়ার এক কর্মকর্তা। এরপর থেকে ইভাঙ্কার কাজ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, ইভাঙ্কা অনির্বাচিত। হোক না তিনি প্রেসিডেন্টের উপদেষ্টা। তাঁর তুলনায় উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তারা সম্মেলনে ছিলেন। তাঁদের ট্রাম্পের স্থানে বসার কথা, ইভাঙ্কার নয়।