নিউইয়র্কে হুন্ডি ব্যবসায়ীরা আবার সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। মানি এক্সচেঞ্জ বা অর্থ স্থানান্তরের প্রতিষ্ঠানগুলোর উদাসীনতাকে কাজে লাগিয়ে হুন্ডি ব্যবসায়ীরা কাজ করে যাচ্ছে। কিছু মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের কোন মিল না থাকায় এই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। একেকজন মিলিয়ন ডলারের বাড়ি কিনেছেন। সপ্তাহে ৫০০ ডলার বেতনে চাকরি করে একজন কীভাবে এই বাড়ি কিনছেন, তা নিয়ে কমিউনিটিতে নানা গুঞ্জন শোনা যায়। বৈধ আয়ের উৎস না থাকলেও বাংলাদেশিদের অনেকেই ক্যাশ ডলার দিয়ে বাড়ি কিনছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশ থেকে অবৈধ হুন্ডির মাধ্যমে একটি শ্রেণি যুক্তরাষ্ট্রে এই ডলার আনছে। আবার নিউইয়র্ক থেকেও দেশে হুন্ডির মাধ্যমে ডলার পাঠাচ্ছে। ব্যাংকিং চ্যানেলে বৈধ উপায়ে ডলার না পাঠানোয় ইতিমধ্যে মানি ট্রান্সফার ব্যবসায় চরম মন্দার অবস্থার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সরকার ও প্রতিষ্ঠানগুলো প্রতি মাসে হারাচ্ছে কয়েক মিলিয়ন ডলারের রাজস্ব। একইভাবে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রে পাচার হচ্ছে অবৈধ হুন্ডির মাধ্যমে।
যুক্তরাষ্ট্র থেক বৈধ পথে পাঁচ হাজার ডলারের বেশি দেশে পাঠাতে হলে মানি ট্রান্সফারগুলোর কাছে জব লেটার, সোশ্যাল সিকিউরিটি নম্বরসহ ব্যক্তিগত তথ্য দিতে হয়। পনেরো দিনের মধ্যে তিন হাজার ডলারের বেশি পাঠালে একই কাগজপত্র দিতে হয়।
প্রভু মানি ট্রান্সফারের ক্যাশিয়ার হোসনে আরা বলেন, পাঁচ হাজার ডলারের বেশি ডলার পাঠাতে হলে অবশ্যই সিটির নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট সরবরাহ করতে হবে। অন্যথায় আমরা ডলার পাঠাতে পারি না।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ থেকেও বৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ আনার সুযোগ নেই। প্রতি বছর ২০ হাজার ডলার আনার বিধান থাকলেও বাংলাদেশ ব্যাংকের নানা শর্ত সাপেক্ষে এই অর্থ আনতে মানুষকে ব্যাপক কাঠখড় পোড়াতে হয়। একজন সাধারণ মানুষের পক্ষে এই টাকা আনতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনুমতির জন্য ব্যাংকের বিভিন্ন দপ্তরে ধরনা দিতে হয়। এ কারণে মানুষ বাধ্য হয়ে হুন্ডির দিকে ঝুঁকছে। কোন না কোন মাধ্যমে গিয়ে টাকা পাচার করে আনছে। ফলে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
মানি ট্রান্সফার কোম্পানি সানমান গ্লোবালের সিএফও আমিনুল ইসলাম বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সরাসরি ডলার আনা–নেওয়া করা যায়। কিন্তু বাংলাদেশ থেকে বিনিয়োগের জন্য পর্যাপ্ত টাকা আনা যায় না। সহজে টাকা এনে বিনিয়োগ করে ব্যবসা-বাণিজ্য করা গেলে লাভের একটি অংশ দেশেও যেত। এ বিষয়ে সরকার ও বাংলাদেশ ব্যাংক চাইলে বিধানটি আরও সহজতর করতে পারে। এতে করে হুন্ডির প্রতি মানুষে আগ্রহ কমতো।
খোঁজ নিয়ে জানা গেছে, নিউইয়র্কে ১১টি মানি ট্রান্সফার কোম্পানি রয়েছে, যার বেশির ভাগই বাংলাদেশি মালিকানাধীন। এই ১১টি মানি ট্রান্সফার কোম্পানির সাব এজেন্ট রয়েছে আরও ৫০০ শতাধিক। এসব মানি ট্রান্সফারের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয় সোনালি এক্সচেঞ্জ। এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতি মাসে কয়েক মিলিয়ন ডলার ট্রান্সফার হয় বলে জানা গেছে। কিন্তু হুন্ডি বন্ধ থাকলে পাঠানোর পরিমাণ আরও কয়েকগুন বৃদ্ধি পেত।
সংশ্লিষ্ট ব্যবসার সঙ্গে জড়িতরা বলছেন, মানি ট্রান্সফার কোম্পানিগুলো যদি হুন্ডিতে লেনদেন করার নেতিবাচক দিক সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে প্রচার করত, তাহলে মানুষের মাধ্যমে সচেতনতা তৈরি হতো। হুন্ডিতে ডলার পাঠানোর ব্যাপারে মানুষের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হত।
হুন্ডির অশুভ কার্যক্রম প্রসঙ্গে কিছুটা তৎপর সোনালি এক্সচেঞ্জ, সানমান গ্লোবাল ও চয়েস মানি ট্রান্সফার। এসব কোম্পানি হুন্ডির মাধ্যমে ডলার পাঠানোর নেতিবাচক দিকগুলো নিয়ে প্রচারণা করে থাকে। অন্য মানি ট্রান্সফারগুলোর দিক থেকে সচেতনতামূলক প্রচার নেই বললেই চলে।
হুন্ডির অশুভ তৎপরতার বিষয়টি স্বীকার করে সানমান গ্লোবালের সিইও মাসুদ রানা বলেন, বড় ব্যবসায়ী ও নথিপত্রহীন মানুষ হুন্ডিতে ডলার পাঠান। যারা হুন্ডিতে ডলার পাঠান, তারা সরকারের ২ শতাংশ প্রণোদনার টাকা পান না। এ ছাড়া হুন্ডিতে ডলার পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হুন্ডির লোকজন চাইলে টাকা মেরে দিয়ে চলেও যেতে পারে।
আর বৈধ উপায়ে প্রবাসীরা টাকা পাঠালে দেশে ব্যবসা-বাণিজ্য করলে অথবা বাড়ি নির্মাণ করলে ট্যাক্স মওকুফ পাবেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত কয়েক মাসের মধ্যে নিউইয়র্কের স্বল্প আয়ের বাংলাদেশি কমিউনিটির বেশ কয়েকজন মানুষ বাড়ি কিনেছেন। এসব বাড়ি নিউইয়র্কে ও বাফেলোতে কিনেছেন তাঁরা। কিন্তু দেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা এনে এখানে বাড়ি কিনেছেন তারা। এ নিয়ে কমিউনিটির মানুষের মধ্যে নানা গুঞ্জন রয়েছে।
মানি ট্রান্সফার সাব এজেন্ট কামাল উদ্দিন বলেন, হুন্ডির বিরুদ্ধে সব মানি ট্রান্সফার কোম্পানিগুলো যদি সচেতনতামূলক প্রচার চালাতো, সভা সেমিনার করতো, তাহলে সাধারণ মানুষ আরও সচেতন হতো। হুন্ডির প্রতি অবিশ্বাসও বেড়ে যেত এবং ব্যাংকিং চ্যানেলে ডলার পাঠানো আরও বাড়ত। ভবিষ্যতে মানি ট্রান্সফার কোম্পানিগুলো আরও সচেতন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।