হুমকি পেয়ে লস অ্যাঞ্জেলেসের সব স্কুল বন্ধ ঘোষণা
অজ্ঞাত এক হুমকি পাওয়ার পর সন্ত্রাসী হামলার আশঙ্কায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে নিরাপত্তা কর্মকর্তারা এখনো ওই হুমকির ধরনের ব্যাপারে কিছু জানাননি। হুমকির পর সব স্কুলের শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। স্কুল বাসগুলো ডিপোতে ফেরত পাঠানো হয়েছে। বিবিসি অনলাইনের খবরে এসব তথ্য জানানো হয়।
লস অ্যাঞ্জেলেসে এক হাজারের বেশি স্কুলে প্রায় ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী রয়েছে। লস অ্যাঞ্জেলেসের স্কুল পুলিশ বিভাগের প্রধান স্টিফেন জিপারম্যান সংবাদ সম্মেলনে করে জানান, ‘পুলিশ সব স্কুলে তল্লাশি চালাচ্ছে। হুমকির ঝুঁকি মুক্ত হওয়া না পর্যন্ত তল্লাশি চলবে। এর আগে আজ সকালে আমরা একটি ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে আমাদের স্কুলের ব্যাপারে হুমকি পেয়েছি। তাই আমরা স্কুল চত্বরগুলোর নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত সব স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’
নাম প্রকাশ না করা শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান, লস অ্যাঞ্জেলেসের এক স্কুলের বোর্ড কর্মকর্তার কাছে ইমেইলে ওই হুমকির বার্তা আসে। ধারণা করা হচ্ছে, ইমেইলটি দেশের বাইরে থেকে এসেছে।