হুমকির মুখে লস অ্যাঞ্জেলেসের সব সরকারি স্কুল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমকির মুখে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের সমস্ত সরকারি স্কুল গতকাল মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয়। ই-মেইলে হুমকি পাওয়ার পরই বন্ধ করে দেওয়া হয় দ্য লস অ্যাঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের (এলএইউএসডি) এক হাজারেরও বেশি স্কুল। খবর এএফপি ও বিবিসির।
লস অ্যাঞ্জেলেসের স্কুল পুলিশ বিভাগের প্রধান স্টিভেন জিপারম্যান বলেন, ‘আজ সকালের দিকে আমরা ই-মেইলে একটি হুমকি পাই। স্কুলগুলোর নিরাপত্তার বিষয় নিয়ে এই হুমকি দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত না আমরা নিশ্চিত হচ্ছি যে নিরাপদ আছি, ততক্ষণ স্কুল বন্ধ করে দেওয়াকেই আমরা সঠিক বলে মনে করেছি।’
শহরের স্কুলগুলোর তত্ত্বাবধায়ক র্যামন কর্টিনেজ বলেন, হুমকির বিষয়ে পুলিশের সতর্কবার্তা পাওয়ার পরই তিনি স্কুল বন্ধের ঘোষণা দেন। হুমকিটি কেবল একটি বা দুটি স্কুলকে দেওয়া হয়নি, সমস্ত স্কুলকেই দেওয়া হয়েছে।’
গতকাল এক সংবাদ সম্মেলনে কর্টিনেজ বলেন, হুমকির ঘটনা জানার পর পুলিশ এবং এফবিআইয়ের কাছে এক হাজারেরও বেশি স্কুলে তল্লাশির জন্য সহায়তা চাওয়া হয়েছে। এসব স্কুলে ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী আছে। তিনি বলেন, ২ ডিসেম্বর স্যান বার্নার্দিনোতে ১৪ জনকে হত্যার ঘটনার পর স্কুলগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
নিউইয়র্ক সিটির কর্মকর্তারা বলেছেন, তাঁরাও ঠিক একই ধরনের একটি হুমকি পেয়েছেন। তবে তাঁদের কাছে একে একটি ধোঁকাবাজি বলে মনে হয়েছে।
নিউইয়র্কের পুলিশ কমিশনার উইলিয়াম ব্রাটন বলেছেন, ই-মেইলে দেশের বাইরে থেকে একটি হুমকি এসেছে। জঙ্গিদের নামেই এটি এসেছে। তবে এটি বিশ্বাসযোগ্য মনে করার কোনো কারণ নেই। তিনি মনে করেন, লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ প্রয়োজনের অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে।