হৃতিক রোশনের ভক্ত বলে স্ত্রীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডনি ডোজয় ও দীনেশ্বর বুধিদাত
ডনি ডোজয় ও দীনেশ্বর বুধিদাত

ভারতীয় মেগা স্টার হৃতিক রোশনের ভক্ত হওয়ার কারণে কুইন্সের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন। হত্যার পর ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেন। গত সপ্তাহান্তে এ ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটিয়েছেন নিউইয়র্কের কুইন্সের বাসিন্দা দীনেশ্বর বুধিদাত (৩৩)। তাঁর স্ত্রী ডনি ডোজয় (২৭) কাজ করতেন একটি বারে। ডনি ছিলেন ভারতীয় তারকা হৃতিক রোশনের। ডনি বিশেষত হৃতিক রোশনের নাচ ও অভিনয়ের ভক্ত ছিলেন। এটি পছন্দ ছিল না স্বামী দীনেশ্বরের।
ওজোন পার্কে জ্যামিনিস আল্ট্রা লাউঞ্জ। ডনি ডোজয় যে বারে কাজ করতেন, সেখানকার ৫২ বছর বয়সী এক ক্যারাওকে গায়ক মালা রামধানি বলেন, ‘ডোজয় আমাকে বলেছিল, সে যখন বাড়িতে হৃতিক রোশনের সিনেমা দেখত বা কোনো গান শুনত, তখন তাঁর স্বামী তাঁকে বাধা দিত। এর কারণ ছিল ঈর্ষা।’ তিনি আরও বলেন, ‘হৃতিক রোশনের কোনো সিনেমা ডোজয় মিস করত না। তাঁর সর্বশেষ দুটো ব্লকবাস্টার সিনেমা “ওয়ার” ও “সুপার থার্টি” সিনেমা দুটিও ডোজয় মিস করেনি। ডোজয়ের সবচেয়ে পছন্দের সিনেমা ছিল হৃতিকের “কাহো না পেয়ার হ্যায়”।’
ডোজয়ের কর্মক্ষেত্রের লাউঞ্জের শেফ অ্যান্ডেল রোডনি বলেন, ‘সন্ধ্যার বারটেন্ডার শিফটে যোগ দেওয়ার আগে ডোজয় তাঁর স্বামী দীনেশ্বরের সঙ্গে ওজোন পার্কের আলবার্ট রোডে নিজেদের অ্যাপার্টমেন্টটিতে কিছুটা সুন্দর সময় পার করতে চেয়েছিলেন। তবে তাঁর বন্ধুরা কেউই জানেন না যে, দুজনে মিলে কোন সিনেমাটি দেখেছিলেন বা কী কারণে ডোজয়কে তাঁর স্বামী ছুরিকাঘাত করেছিল।’
এ বিষয়ে ৮ নভেম্বর পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে দীনেশ্বর বুধিদাত তাঁর স্ত্রীর বোনকে টেক্সট করে জানান যে, তিনি তাঁর স্ত্রীকে হত্যা করেছেন। একই সঙ্গে তিনি জানান, অ্যাপার্টমেন্টের চাবিটি বারান্দায় ফুলের পাত্রের নিচে পাওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, তারপর বুধিদাত তাঁর স্ত্রীর মরদেহ রেখে অ্যাপার্টমেন্টের পাশের হাওয়ার্ড বিচে থাকা একটি গাছ থেকে ফাঁস নেন।
ডোজয়ের দীর্ঘ দিনের বন্ধু রোডনি বলেন, ‘আমি মনে করি বুধিদাত ডোজয়কে ভালোবাসতেন। তবে একই সঙ্গে তিনি ডোজয়কে নিয়ে উদ্বিগ্ন ছিল। বারটেন্ডার হিসেবে ডোজয়ের কাজ ও তাঁর শারীরিক গঠন—সব মিলিয়ে বুধিদাত তাঁকে নিয়ে অনিরাপত্তা বোধে ভুগত। ডোজয় বেশ কয়েকবার বলেছিল যে, তাঁর স্বামী তাঁকে নিয়ন্ত্রণের চেষ্টা করত। তাঁকে গালিগালাজ করত, মারধর করত, কখনো কখনো হত্যার হুমকিও দিত। কিন্তু ডোজয় কখনোই তা গুরুত্ব সহকারে নেয়নি। কারণ, সে তার স্বামীকে ভালোবাসত।’
রোডনির মতে, ডোজয় দেখতে সুন্দরী ছিল। ছিল স্বাবলম্বী এবং উপার্জনও ছিল ভালো। এ কারণে তাঁর স্বামী সম্ভবত তাঁকে ঈর্ষা করত।
নিহত ডোজয়ের খালা সিলভিন ডোজয় বলেন, ‘ডনি ডোজয় ছিল একজন সুন্দরী, বুদ্ধিমতী, মেধাবী এবং কঠোর পরিশ্রমী যুবতী। বুধিদাত ছিল একজন কাপুরুষ। কে এমন কাজ করে? কোন ধরনের পুরুষ একজন নারীর সঙ্গে এমন করে? এটি একটি কাপুরুষোচিত কাজ। এটি একটি অবিশ্বাস্য নির্মম ঘটনা। তার এমন করার কোনো অধিকার ছিল না।’