হৃদরোগে আক্রান্ত হওয়ার ভান করে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বন্ধু মিলে ফন্দি এঁটেছিলেন জবর। একজন দোকানে ঢুকে হৃদরোগে আক্রান্ত হওয়ার ভান করবেন, তাঁর দিকে লোকজনের নজর থাকবে, এই সুযোগে অন্যজন মালামাল নিয়ে দেবেন পিটটান। কিন্তু বিধি বাম। ধরা পড়ে বড় ধরনের চুরির অভিযোগে ফাঁসতে হলো দুজনকে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়াল-মার্টের এক বিপণিবিতানে এ ঘটনা ঘটে।
আটক হওয়া দুই বন্ধু হলেন জেনার্ড ডুপ্রি (২৭) ও তাঁর বন্ধু টরাস স্কট (৩০)।
গতকাল সোমবার এনডিটিভি অনলাইনের এক খবরে জানানো হয়, একটি বার্বি গাড়ি, লিপ ফ্রগ ট্যাবলেট ও একটি বার্বি গ্লাম হাউস দিয়ে তাঁরা মালামাল বহনের কার্টটি ভরে ফেলেন। এরপর তাঁরা বের হয়ে আসছিলেন।
নজরদারি করা ভিডিওচিত্রে দেখা যায়, দোকানের প্রবেশ মুখে এসে ডুপ্রি শক্ত করে তাঁর বুক চেপে ধরেন। এরপর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাঁকে পরীক্ষা করতে আসেন। এই সুযোগে মালামাল ভর্তি ঠেলাগাড়িটি নিয়ে স্কট সরে পড়েন। স্কট বেরিয়ে গেলে ডুপ্রি সুস্থ হয়ে ওঠেন এবং হেঁটে বেরিয়ে যান। এরপর তাঁরা একটি রুপালি রঙের দামি গাড়িতে করে ভেগে যান। তবে পুলিশ কর্মকর্তারা তাঁদের ধরে ফেলেন। তাঁদের পক্ষে কোনো আইনজীবী রয়েছেন কি না, তা জানা যায়নি।