হৃদরোগে আক্রান্ত অ্যাসাঞ্জ দূতাবাস ছাড়ছেন

লাখ লাখ মার্কিন গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ফুসফুস ও হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছেন। এ অবস্থায় তিনি শিগগিরই লন্ডনে ইকুয়েডরের দূতাবাস ছাড়বেন বলে জানিয়েছেন। তবে তাঁর মুখপাত্র বলেছেন, দূতাবাসের বাইরে বসানো পাহারা যুক্তরাজ্য সরকার তুলে নিলেই কেবল অ্যাসাঞ্জ সেখান থেকে বের হবেন। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
যৌন হয়রানির মামলায় সুইডেনে প্রত্যর্পণ এড়াতে দুই বছরের বেশি সময় ধরে ওই দূতাবাসের ভেতরে রয়েছেন অ্যাসাঞ্জ। ব্রিটিশ গণমাধ্যম সম্প্রতি জানায়, বন্দিদশায় থাকতে থাকতে ফুসফুস ও হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছেন অ্যাসাঞ্জ। এ কারণে তিনি দূতাবাস ছাড়ার বিষয়টি বিবেচনা করছেন। এমন খবরের পরই অ্যাসাঞ্জের পক্ষ থেকে ওই ঘোষণা এল।
দূতাবাসের ভেতরে গতকাল সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাসাঞ্জ বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, আমি শিগগিরই দূতাবাস ছাড়তে যাচ্ছি।’ নিজের শারীরিক অবস্থা ভালো নয় বলেও জানান অ্যাসাঞ্জ। তবে তিনি এ-ও বলেন, ব্রিটিশ গণমাধ্যমের খবরে যেমনটা বলা হয়েছে, সম্ভবত সে কারণে তিনি দূতাবাস ছাড়তে চাইছেন না। এ বিষয়ে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
অ্যাসাঞ্জ শিগগিরই বের হয়ে আসার কথা বললেও তাঁর মুখপাত্র ক্রিস্টিন রাফনসন বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, জুলিয়ান আসলে যা বলতে চেয়েছেন তা হলো, ব্রিটিশ সরকার তার প্রতিশ্রুতিকে সম্মান দেখালেই তিনি দূতাবাস ছাড়ার পরিকল্পনা করবেন। দূতাবাসের বাইরে বসানো পাহারা তুলে নিলেই কেবল অ্যাসাঞ্জ সেখান থেকে বেরিয়ে আসবেন। কারণ, নিজেকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেওয়ার কোনো ইচ্ছা অ্যাসাঞ্জের নেই।
অ্যাসাঞ্জের আশঙ্কা, যুক্তরাজ্য তাঁকে গ্রেপ্তার করে সুইডেনে প্রত্যর্পণ করলে, সুইডেন তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে। আর যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনাগুলোর একটির নায়ক অ্যাসাঞ্জকে তখন মার্কিন বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে।
লাখ লাখ মার্কিন কূটনৈতিক তারবার্তা ফাঁস করার মাধ্যমে ২০১০ সালের শেষের দিকে বিশ্বব্যাপী আলোচনায় আসেন অ্যাসাঞ্জ। ৪৩ বছর বয়সী এই অস্ট্রেলীয় নাগরিকের বিরুদ্ধে সুইডেনে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ থাকলেও তিনি তা অস্বীকার করে আসছেন। যুক্তরাজ্যের পুলিশ তাঁকে ২০১১ সালের শুরুর দিকে গ্রেপ্তার করলেও পরে জামিনে বেরিয়ে আসেন। যুক্তরাজ্য বারবার করে বলেছে, জামিনের শর্ত ভেঙে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেওয়া অ্যাসাঞ্জের ব্যাপারে তারা পিছু হটবে না; আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
‘অ্যাসাঞ্জের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে’: লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে সংবাদ সম্মেলনের সময় অ্যাসাঞ্জের পাশে ছিলেন ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডে পাতিনোও। তিনি বলেন, চলমান অবস্থার অবশ্যই একটা বিহিত হতে হবে। দুই বছর লম্বা একটা সময়। অ্যাসাঞ্জের মানবিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাতিনো বলেন, ‘আমরা তাঁকে আমাদের সুরক্ষা দেওয়া অব্যাহত রাখব...জুলিয়ান অ্যাসাঞ্জের মানবাধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে।’