হৃদয়ে বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদয়ে বাংলাদেশ আয়োজিত বিজয় শোভাযাত্রায় অংশ নেন নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা
হৃদয়ে বাংলাদেশ আয়োজিত বিজয় শোভাযাত্রায় অংশ নেন নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা

অনুষ্ঠিত হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে হৃদয়ে বাংলাদেশ আয়োজিত দু দিনব্যাপী অনুষ্ঠানমালা। বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানমালার শুরুতেই ছিল আমেরিকায় জন্ম নেওয়া বাঙালি প্রজন্মের শিশু-কিশোর আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার। এতে ব্রঙ্কসে বসবাসরত বাঙালি পরিবারের সদস্যরা অংশ নেয়। মুক্তিযুদ্ধের ছবি এঁকে প্রবাসে বেড়ে ওঠা শিশুরা রীতিমতো তাক লাগিয়ে দেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের অনেকের বাবা মায়েরও জন্ম হয়নি মুক্তিযুদ্ধের সময়। তারা পরিবারের বড়দের কাছে গল্প শুনেই মুক্তিযুদ্ধের ছবি এঁকেছে। বাংলায় কথা বলতে কষ্ট হলেও তারা শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করেছে দেশের কবিতা।
১৪ ডিসেম্বরের অনুষ্ঠান সাজানো হয়েছিল দু ভাগে। প্রথম অংশে ছিল শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনা পর্ব ও শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে স্লাইড শো। অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এর পর এক মিনিট নীরবতা পালন করে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানো হয়।
এরপরই হৃদয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট সাইদুর রহমান লিংকন শুভেচ্ছা বক্তব্য রাখেন। শ্রুতিমধুর কণ্ঠে দেশের গান গেয়ে শোনান শারমিন তানিয়া। আলোচনায় অংশ নেন সাংবাদিক শামীম আহমেদ ও এ প্রজন্মের আলিমুল ইসলাম। এ পর্বের শেষে স্লাইড শোয়ের মাধ্যমে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এতে ১৪ ডিসেম্বর রাতে শহীদ বুদ্ধিজীবীদের ডেকে নিয়ে কীভাবে হত্যা করা হয়েছিল, তা তুলে ধরা হয়। আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক ছিলেন আবৃত্তিশিল্পী ক্লারা রোজারিও, আবৃত্তিশিল্পী ও নাট্যজন এজাজ আলম ও কবি জুলি রহমান। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক ছিলেন চিত্রশিল্পী টিপু আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি পল্লব সরকার ও মাকসুদা আহমেদ।
অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিনে ছিল বিজয় শোভাযাত্রা এবং শিশু-কিশোর আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্টার্লিং এশিয়ান ড্রাইভিং স্কুল থেকে শুরু হয় বিজয় শোভাযাত্রা। তীব্র ঠান্ডা উপেক্ষা করে বাংলাদেশি নারী-পুরুষেরা সঙ্গে বাচ্চাদের নিয়ে হাজির হন বিজয় শোভাযাত্রায় অংশ নিতে। চারদিকে সাজসাজ রব দেখে বোঝার উপায় নেই যে আবহাওয়া প্রতিকূল। অনেক দম্পতি স্ট্রলারে করে ছোট বাচ্চাদেরও নিয়ে এসেছিলেন। লালসবুজের শাড়ি, পাঞ্জাবি আর পতাকা হাতে সবাই যোগ দেন শোভাযাত্রায়। এ যেন ঈদের আনন্দ।
বাচ্চাদের কাছে জানতে চাইলাম, ‘কেন পরেছ লাল সবুজ?’ উত্তর বলল, ‘দিস ইজ আওয়ার ন্যাশনাল কালার।’ তাজ্জব বনে যাওয়ার মতো, বুকের ভেতর সুখের শিহরণ বয়ে যাওয়ার মতো এক উত্তর। হাতের মুঠোয় দেশের পতাকা দেখিয়ে বলল, ‘দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ।’ এখানে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা শিশুর মুখ থেকে এমন উত্তর আবেগাপ্লুত করার জন্য যথেষ্ট। তার মা-বাবাকে ধন্যবাদ দিয়ে বললাম, ‘আমরাই পারব।’
বিজয় শোভাযাত্রায় ১৩টি সংগঠন অংশগ্রহণ করেছিল। বিশাল পতাকা হাতে অংশগ্রহণ করেছিলেন বেশ কয়জন মুক্তিযোদ্ধা। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও বাচ্চারা অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে।
বেলা দুপুর ১টা থেকেই দলবদ্ধভাবে সবাই আসতে শুরু করে এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে এবং সবাই সারিবদ্ধভাবে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। ঠিক দেড়টায় শুরু হয়ে ইউনিয়ন পোর্ট রোড হয়ে ওভাল পার্কের দিকে এগিয়ে যায় শোভাযাত্রাটি। সবার কণ্ঠে ছিল ‘জয় বাংলা’ স্লোগান। বর্তমানে সত্তর বছর বয়সী মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী ও তাঁর দল বহন করেছিল সবচেয়ে বড় পতাকাটি।
তাঁর কাছে অনুভূতি জানতে চাইলে তিনি এই আয়োজনের জন্য হৃদয়ে বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আজ যেন ২০ বছর বয়সে চলে গেছি। আমেরিকায় থেকেও জয় বাংলা স্লোগান দিতে পারছি।’
শোভাযাত্রাটি ওভাল পার্ক হয়ে বাংলাবাজার অ্যাভিনিউ এশিয়ান ড্রাইভিং স্কুল ম্যুরালের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে আগের দিনের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রতিনিধি আয়েশা হক। এর আগে আয়েশা হক বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষে লিখিত শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন।