হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত কোবি ব্রায়ান্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোবি ব্রায়ান্ট।  ছবি: রয়টার্স
কোবি ব্রায়ান্ট। ছবি: রয়টার্স

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক মার্কিন বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট (৪১) নিহত হয়েছেন। দুর্ঘটনায় কোবি ব্রায়ান্ট ছাড়াও আরও ৮ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। কোবি ব্রায়ান্ট ছাড়া নিহত অন্যরা হলেন ব্রায়ান্টের ১৩ বছর বয়সী কন্যা জিয়ানা মারি অনোরে ব্রায়ান্ট, বাস্কেটবল কোচ জন আলতোবেল্লি, তাঁর স্ত্রী কেরি, মেয়ে অ্যালিসা। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সময় ২৬ জানুয়ারি সকাল ১০টার দিকে ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসেস অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেসের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক টুইট বার্তায় দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। কোবি ব্রায়ান্ট বাকি ৮ জনসহ তাঁর ব্যক্তিগত হেলিকপ্টারে চড়ে মেয়ের এক বাস্কেটবল ম্যাচ দেখতে যাচ্ছিলেন, যে ম্যাচে তাঁর কোচ থাকার কথা। ক্যালাবাসেস পার্বত্য অঞ্চলে পৌঁছালে তাঁদের বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে।
ব্রায়ান ছিলেন এনবিএর সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। লস অ্যাঞ্জেলেস লেকারসের হয়ে দুই দশক খেলেছেন সাবেক এই বাস্কেটবল তারকা। ২০১৬ সালে তিনি অবসরে যান। পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন
ব্রায়ান। ২০০৮ ও ২০১২ সালে যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিকে সোনাও জিতেছিলেন ব্রায়ান। ২০১৮ সালে ‘ডিয়ার বাস্কেটবল’ নামে একটি অ্যানিমেটেড শর্টফিল্মের জন্য জিতেছিলেন অস্কার।
খেলা ছাড়ার পর নিজেই বাস্কেটবল দল গঠন করেন ব্রায়ান্ট। তাঁর মেজ মেয়ে জিয়ান্নি খেলত সেই দলে। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি থেকে ব্যক্তিগত হেলিকপ্টারে করে মেয়েকে খেলতে নিতে বেরিয়েছিলেন সেদিন। সেই যাত্রা আর শেষ হলো না।
২০১৬ সালে ‘ডিয়ার বাস্কেটবল’ নামে একটি কবিতা লিখে অবসরের সিদ্ধান্ত জানিয়েছিলেন ব্রায়ান্ট। যে কবিতা নিয়ে বানানো স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ২০১৭ সালে অস্কার জেতায় তাঁকে। সেই কবিতায় ব্রায়ান্ট লিখেছিলেন—
‘আমি তোমার প্রেমে পড়েছিলাম।
এতটাই যে আমি আমার সবকিছু তোমাকে সমর্পণ করেছি—
আমার দেহ ও মন থেকে
চেতনা ও আত্মার সব। ’

‘তোমাকে সব সময় ভালোবাসব,
কোবি’—কবিতাটি শেষ করেছিলেন এভাবেই।