যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই প্রবেশ করেছে মাস, দিন, সপ্তাহ থেকে এখন ঘণ্টা গণনার মধ্যে। শেষ মুহূর্তের টানটান উত্তেজনার এমন ক্ষণ থেকে বাদ পড়েনি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের আসন দখলের লড়াইও। হোয়াইট হাউসের মতো সিনেটের ভাগ্যও ঝুলছে পেন্ডুলামের মতো।
প্রেসিডেন্ট নির্বাচনে জিতে হোয়াইট হাউসে যাওয়ার মতো কংগ্রেসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ডেমোক্র্যাট না রিপাবলিকান—কারা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ করবে এবং তাতে কোন আইনইবা পাস হবে—এ সবকিছুই গুরুত্বপূর্ণ। কেননা, মার্কিন আইনসভায় সহজে কোনো বিল আটকে দেওয়া যায়; বিশেষত যে দলের প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, সেই দল যদি কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়।
বর্তমানে উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ উভয়ের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে। গত সপ্তাহ পর্যন্ত দৃশ্যত মনে হচ্ছিল প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের জনপ্রিয়তায় ভর করে ৮ নভেম্বরের নির্বাচনে জিতবেন ডেমোক্র্যাটরা। সেই সঙ্গে তাঁদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করবেন সিনেটে।
কিন্তু ডেমোক্র্যাটদের এ সম্ভাবনায় কিছুটা হলেও বাগড়া বাধিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার পরিচালক জেমস কোমি। হিলারি ক্লিনটনের ব্যক্তিগত সার্ভার থেকে সম্প্রতি ফাঁস হওয়া বেশ কিছু ই-মেইলের তদন্ত শুরুর কথা জানিয়েছেন তিনি। এতে ডেমোক্র্যাটদের পক্ষে সব বাজি ধরা আপাতত বন্ধ হয়ে গেছে।
গত ২৮ অক্টোবর কংগ্রেস নেতাদের এফবিআইয়ের পরিচালক বলেছেন, তাঁর সংস্থা হিলারির আরও কিছু ই-মেইল পেয়েছে। এগুলো হিলারির ব্যক্তিগত ই-মেইল সার্ভার নিয়ে ইতিপূর্বের তদন্তের সঙ্গে প্রাসঙ্গিক হতে পারে। তাই নতুন আবিষ্কৃত ই-মেইলগুলো খতিয়ে দেখা হবে। কিছুদিন আগেও কোণঠাসা হয়ে পড়া রিপাবলিকান শিবির এ ঘটনায় এখন বেশ নড়েচড়ে বসেছে।
৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা ৫৯ আসনে এগিয়ে নিজেদের সংখ্যাগরিষ্ঠ হিসেবে ধরে রেখেছেন। কংগ্রেসের উভয় কক্ষে কোনো একক দলের সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠায় দরকার তথাকথিত ‘ওয়েভ ইলেকশনের’। বিশ্লেষকদের অনেকে বলছেন, ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেতে হলে তাঁদের দরকার বর্তমানের চেয়ে আরও ৩০টি বেশি আসনের।