হোটেল খুলতে শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস প্রতিরোধে গত ২৫ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাওয়া হোটেলগুলো খুলতে শুরু করেছে। গত ২৯ জুন থেকে নিউইয়র্কের বেশ কিছু হোটেল খোলা শুরু করেছে। লং আইল্যান্ডের ইউনিয়ন ডেইলে আমেরিকার বৃহত্তম হোটেল চেইন ম্যারিয়ট খোলার প্রথম দিনেই ১৫ জন অতিথি বুকিং দিয়েছেন। এই হোটেল ৬১৫ জন অতিথি থাকার ব্যবস্থা রয়েছে।

এরই মাঝে ম্যারিয়ট হোটেলে এসেছে বিরাট পরিবর্তন। ইউনিয়ন ডেইলের ম্যারিয়টের অতিথিদের স্বাস্থ্য নিরাপত্তাসহ পুরো হোটেল জীবাণুমুক্ত রাখতে ব্যয় হয়েছে ১৫ লাখ ডলার। অভ্যর্থনা কক্ষে অতিথিদের বসার স্থান আধুনিক প্লেস্কিবোর্ড দিয়ে আলাদা করা হয়েছে নিরাপদ দূরত্ব বজায় রেখে। হোটেলের খোলা জায়গায় অতিথিদের সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অভ্যর্থনা কক্ষে কর্মরতদের কাচের দেয়াল পরিবেষ্টিত স্থানে বসে অতিথিদের সেবা প্রদান করতে হয়। লবিতে পর্যাপ্ত জীবাণু মুক্ত করার সামগ্রী মজুত রাখা হয়েছে। এ ছাড়া প্রতিটি কক্ষ বিশেষ ব্যবস্থায় জীবাণুমুক্ত করা হয় এবং কোনো কক্ষ একবার ব্যবহৃত হওয়ার পর কমপক্ষে ৭২ ঘণ্টা পর অন্য অতিথিকে তা ব্যবহার করতে দেওয়া হয়।
অতিথির ব্যবহার্য সামগ্রী যেমন বিছানার চাদর,বালিশ, কক্ষে প্রবেশ কার্ডসহ অন্যায় সামগ্রীসহ টেলিভিশনের রিমোট চূড়ান্ত সতর্কতার সঙ্গে জীবাণুমুক্ত করা হয়। ব্যক্তিগত ব্যবহারের জন্য হোটেল কক্ষে অ্যালকোহল প্যাড রাখা হয়েছে। এমনকি কক্ষ ত্যাগ করার সময় চাবি ও কার্ড লিফটের পাশে বিশেষ বক্সে রাখার সুবিধা রয়েছে।

ইউনিয়ন ডেল ম্যারিয়টের ম্যানেজার মার্ক কুলেস্কি জানান, হোটেলের লবিকে নতুন করে সাজাতে এবং প্রাকৃতিক দেয়াল তৈরি করতে ২ হাজার ৩৫০ টি ট্রপিক্যাল সবুজ গাছ ব্যবহার করা হয়েছে। তিনি আশা করেন, কর্মকর্তারা আবার যখন নিউইয়র্কে আসতে শুরু করবেন, তখন নতুন সাজে সজ্জিত মনোরম এবং নিরাপদ এই হোটেল প্রাণ ফিরে পাবে। এ ছাড়া দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা ব্যবসায়ীরা আবার এই হোটেলে সহসা ফিরে আসবেন বলে তিনি আশাবাদী।

আমেরিকান হোটেল ও লজিং অ্যাসোসিয়েশনের সভাপতি এবং প্রধান নির্বাহী চিপ রজার বলেন, করোনার তাণ্ডবে আমেরিকার হাজারো হোটেল স্থায়ী ভাবে বন্ধ হয়ে গেছে। শুধু বড় বড় চেইন হোটেলগুলো প্রতিকূল অবস্থায় লড়াই করে টিকে আছে। আমেরিকার কেন্দ্রীয় সরকারের উচিত দেশের বৃহত্তম সেবা শিল্পকে রক্ষা করতে বড় অঙ্কের আর্থিক সহায়তা জরুরি ভিত্তিতে দেওয়া।

ম্যারিয়টের পাশাপাশি অন্যান্য চেইন হোটেল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় অতিথি সেবা প্রদান এবং অগ্রিম বুকিং নিতে শুরু করেছে। আমেরিকান হোটেল এবং লজিং অ্যাসোসিয়েশনের এক জরিপে জানা গেছে, দেশের ৬৮ শতাংশ লোক চায় দেশের সব হোটেল খুলে দেওয়া হোক।