হোটেলের বাথরুমে সন্তান প্রসব করে বিপাকে এক নারী
হোটেলে সন্তান জন্ম দিয়ে বিপাকে পড়েছেন এক নারী। নগরীর লং আইল্যান্ড সিটির কুইন্স বুলভার্দের ‘ডেইজ ইন’ হোটেলের বাথরুমে লোরেন বেকার (৩৬) গত ১৮ জুলাই সন্তান প্রসব করেন।
সন্তান জন্মদানের সময় ওই নারী জরুরি বিভাগে ফোন দেননি। নিজেই বাথরুমে সন্তান জন্ম দিয়ে হোটেল কক্ষে অপেক্ষা করতে থাকেন। কোনো এক নিকটাত্মীয়কে ফোন করলে তারা জরুরি বিভাগে খবর দেন। পরে জরুরি বিভাগের কর্মীরা হোটেল কক্ষে এসে সদ্যোজাত শিশুটিকে মৃত অবস্থায় পায়। নির্ধারিত সময়ের ছয়-সাত সপ্তাহ আগেই কন্যা শিশুটির জন্ম হয়েছিল। পরে পরীক্ষার পর শিশুটির শরীরে কোকেনসহ বিভিন্ন মাদকের উপস্থিতি পাওয়া যায়।
লোরেন বেকার নামের এ নারীর বিরুদ্ধে ২৫ মার্চ দ্বিতীয় ডিগ্রির খুনের অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ৫ এপ্রিল তাঁকে কোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারে লোরেন বেকারের ১৫ বছরের কারাবাস হতে পারে বলে জানা গেছে।