হোয়াইট হাউসে এবার সায়ানাইড মাখা চিঠি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের উদ্দেশ্যে পাঠানো একটি চিঠিতে মারাত্মক বিষাক্ত পদার্থ সায়ানাইডের অস্তিত্ব পাওয়া গেছে। খবর বিবিসির।
কর্মকর্তারা জানান, চিঠিটির বিষয়ে সন্দেহ হওয়ার পর গত সোমবার প্রাথমিক পরীক্ষা করা হয়। এতে ক্ষতিকর কিছু নেই বলেই ফল আসে। তবে মঙ্গলবার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর সায়ানাইড থাকার ‘সম্ভাব্য ইতিবাচক’ ফল পাওয়া যায়। সিক্রেট সার্ভিসের মুখপাত্র রবার্ট হোব্যাক এক বিবৃতিতে বলেন, ‘নিশ্চিত হওয়ার জন্য ওই নমুনা আরেকটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে।’
হোয়াইট হাউসে বিষাক্ত চিঠি পাঠানোর ঘটনা এটাই প্রথম নয়। বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলেই আরও একবার ঘটেছে এমন ঘটনা। প্রেসিডেন্ট ওবামা ও নিউইয়র্কের তখনকার মেয়র মাইকেল ব্লুমবার্গসহ তিনজনের উদ্দেশে বিষাক্ত পদার্থ রাইসিন মাখানো চিঠি পাঠানোর অভিযোগে ২০১৩ সালে গ্রেপ্তার হন মার্কিন অভিনেত্রী শ্যানন রিচার্ডসন।।