হোয়াইট হাউস দর্শনার্থীদের তালিকা গোপন থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইট হাউস পরিদর্শনে আসা ব্যক্তিদের তালিকা গোপন রাখা হবে। পূর্বসূরিদের প্রথা ভেঙে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।

এ ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগের কথা ট্রাম্প প্রশাসন উল্লেখ করলেও এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সরকারের পর্যবেক্ষক গোষ্ঠীগুলো। এসব গোষ্ঠীর মতে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী হোয়াইট হাউসের নীতিতে প্রভাব ফেলার চেষ্টা করছে কি না, তা পর্যবেক্ষণে দর্শনার্থীদের তালিকাটি গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এর আগে দশকের পর দশক ধরে চলতে থাকা নজির ভেঙে ট্রাম্প তাঁর করসংক্রান্ত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানানোর ঘটনায় ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন।

হোয়াইট হাউসের যোগাযোগ-বিষয়ক পরিচালক মাইকেল ডুবকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনের নৈতিক পরিবেশ উন্নয়নে পদক্ষেপ নিয়েছেন। যেমন: প্রশাসনের বিদায়ী কর্মকর্তাদের তদবিরের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনকক্ষ উন্মুক্ত করেছেন, যেখানে আগে প্রবেশাধিকার ছিল না। দর্শনার্থীদের তালিকা প্রকাশ না করা প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার গুরুতর ঝুঁকি এবং বছরে লাখ লাখ দর্শনার্থীর ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিচারসংক্রান্ত পর্যায় থেকে বলা হচ্ছে, রক্ষণশীল আইনি পরামর্শক গোষ্ঠী বলছে, তথ্য স্বাধীনতা আইনের আওতায় ট্রাম্পের উচিত সিক্রেট সার্ভিসকে তালিকা প্রকাশের অনুমতি দেওয়া। শুধু সংবেদনশীল তথ্যের ক্ষেত্রে তা গোপন রাখা যেতে পারে। তবে হোয়াইট হাউস বলছে, তালিকার বিষয়টি আইনি বাধ্যবাধকতার বাইরে।

আইনি পরামর্শক গোষ্ঠীর প্রেসিডেন্ট টম ফিটন বলেন, নতুন এই নীতি আইনি বিধিকে খাটো করছে এবং বোঝাচ্ছে যে আমেরিকার জনগণের প্রতি হোয়াইট হাউস দায়বদ্ধ থাকতে চায় না।

শুরুতে ওবামা প্রশাসন দর্শনার্থীদের রেকর্ড প্রকাশে কংগ্রেস, রক্ষণশীল ও উদারপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছিল। কিন্তু এ নিয়ে মামলা হওয়ার পর ২০০৯ সালের ডিসেম্বরে ওবামা প্রশাসন স্বেচ্ছায় তালিকা প্রকাশ শুরু করে। প্রতি তিন-চার মাস পরপর এই তালিকা প্রকাশ করা হতো। ২০১৩ সালে ফেডারেল আপিল আদালত প্রেসিডেন্টের বিশেষ নির্বাহী সুবিধার আওতায় এই তালিকা প্রকাশ স্থগিত রাখা যেতে পারে বলে আদেশ জারি করার পরও ওই তালিকা প্রকাশ অব্যাহত থাকে। সর্বসম্মতভাবে ওই আদেশ জারি করা বিচারক মেরিক গারল্যান্ডকে পরে ওবামা সুপ্রিম কোর্টে নিয়োগ দেন।

সর্বশেষ ষাট লাখ দর্শনার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এর বাইরে জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি তুলে ধরে তালিকার বেশ কিছু নাম প্রকাশ করা হয়নি। এর অর্থ হোয়াইট হাউসের ফটক পেরিয়ে যাওয়া ব্যক্তিদের বিষয়ে অসম্পূর্ণ একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, তালিকা গোপন রাখা হলে হোয়াইট হাউসে ঢোকা এবং বেরিয়ে যাওয়া ব্যক্তিদের কোনো তথ্য নিয়মিতভাবে প্রকাশ করা হবে না।