হোয়াইট হাউস পুরোদমে কাজ করছে: ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্বাস্থ্যসেবা, কর সংস্কার এবং বহু বিষয়ের ওপর হোয়াইট হাউস পুরোদমে কাজ করছে। ফ্রান্সের উদ্দেশে ওয়াশিংটন ছাড়ার আগে টুইটারে তিনি এ মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার ট্রাম্প ফ্রান্স সফরে যান। হোয়াইট হাউসে ট্রাম্পের সহযোগীদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা চলছে—প্রচারমাধ্যমে এমন খবরের প্রেক্ষাপটে এ কথা বললেন তিনি।  

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিৎস্কায়ার সঙ্গে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বৈঠকের সূত্র ধরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ট্রাম্প জুনিয়র বৈঠকের কথা স্বীকার করে বলেছেন, কোনো গুরুত্বপূর্ণ তথ্যই আলোচিত হয়নি সেখানে। তবে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ব্যাপারে ‘ক্ষতিকর’ তথ্য পাওয়ার প্রত্যাশায় ট্রাম্পের ছেলে বৈঠকটি করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।

ওয়াশিংটন পোস্ট  এক খবরে দাবি করেছে,  নিউইয়র্ক টাইমস-এর ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ট্রাম্পের মিত্রদের মধ্যে ‘ক্যাটাগরি-৫’ মাত্রার সামুদ্রিক ঝড় বয়ে যাচ্ছে। হোয়াইট হাউসে বিশৃঙ্খলা চলছে বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ট্রাম্পের ওই টুইট।