হোয়াইট হাউসকে বিমুখ করেছে এফবিআই
নির্বাচনী প্রচারাভিযানের সময় ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের বিষয়ে গোয়েন্দাদের বরাতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রকাশ্যে নাকচ করতে মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে (এফবিআই) অনুরোধ করেছিল হোয়াইট হাউস। কিন্তু হোয়াইট হাউসের এ অনুরোধ প্রত্যাখ্যান করেছে এফবিআই।
যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে আজ শুক্রবার সিএনএন অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, সম্প্রতি হোয়াইট হাউসের পক্ষ থেকে এফবিআইকে ওই অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু হোয়াইট হাউসকে বিমুখ করেছে এফবিআই।
তবে এফবিআইয়ের কাছে করা অনুরোধের বিষয়ে বৃহস্পতিবার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। তাঁর ভাষ্য, নির্বাচনী প্রচারাভিযানকালে ট্রাম্পের সহযোগী ও রুশ কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের বিষয়ে যেসব খবর এসেছে, তা সঠিক নয় বলে মনে করে এফবিআই। হোয়াইট হাউসকে এ ব্যাপারে তারা আভাস দেয়। এমন ইঙ্গিতের পরিপ্রেক্ষিতেই ওই প্রতিবেদনগুলো প্রকাশ্যে নাকচ করতে এফবিআইকে অনুরোধ করা হয়।
কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন বলছে, রাশিয়ার সঙ্গে যোগাযোগের বিষয় নিয়ে তদন্তকারী গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারস্থ হয়েছিল হোয়াইট হাউস। তারা চেয়েছিল, প্রতিবেদনগুলো ভুল বলে নাকচ করুক গোয়েন্দারা। তারা বলুক, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সহযোগীদের কোনো যোগাযোগ হয়নি।
হোয়াইট হাউস ও এফবিআইয়ের মধ্যে সরাসরি যোগাযোগ একটি অপ্রচলিত বিষয়। কারণ, এ ধরনের যোগাযোগের ওপর কড়াকড়ি রয়েছে। এফবিআইয়ের কাছে হোয়াইট হাউস যে অনুরোধ করেছে, তা সীমিত যোগাযোগের কার্যপ্রণালির ওপর হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।