হোয়াইট হাউসে অনুপ্রবেশকারী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের চত্বরে মাঝরাতে পিঠে ব্যাগ নিয়ে ঢুকে পড়লেন এক অনুপ্রবেশকারী। প্রেসিডেন্ট ট্রাম্প এ সময় হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন। গত শুক্রবার মাঝরাতে এ ঘটনা ঘটে।
গতকাল শনিবার এক বিবৃতিতে ইউএস সিক্রেট সার্ভিস জানায়, হোয়াইট হাউস চত্বরের বাইরের দিকে যে বেড়া আছে, তা বেয়ে ভেতরে ঢুকে পড়েন এক ব্যক্তি। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় কোনো বিশৃঙ্খলা ঘটেনি বা ওই ব্যক্তির ব্যাগে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। হোয়াইট চত্বরও তল্লাশি করে দেখা হয়। সেখানেও কিছু পাওয়া যায়নি।
পরে বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প ও হোমল্যান্ড সিকিউরিটি-বিষয়ক মন্ত্রী জন কেলিকে জানানো হয়।
ট্রাম্প গতকাল সাংবাদিকদের বলেন, অনুপ্রবেশকারীকে আটকে দিয়ে ইউএস সিক্রেট সার্ভিস দারুণ কাজ করেছে। অনুপ্রবেশকারীকে তিনি পাগলাটে বলে উল্লেখ করেন।
হোয়াইট হাউসে সাম্প্রতিক সময়ে বেশ কিছু অনুপ্রবেশের ঘটনা ঘটে। এর মধ্যে ২০১৪ সালে বারাক ওবামা যখন প্রেসিডেন্ট, তখন বেড়া টপকে ঢুকে পড়েন সাবেক এক সেনা সদস্য। তিনি লন পেরিয়ে ভবনের দরজা পর্যন্ত পৌঁছে যান। তাঁর পকেটে একটি ছুরিও ছিল। একপর্যায়ে তাঁকে আটকে দিতে সক্ষম হন নিরাপত্তাকর্মীরা।