হোয়াইট হাউসে অস্থিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন চিফ অব স্টাফ জন কেলি গতকাল সোমবার হোয়াইট হাউসে যোগদান করেছেন। সাবেক এই মেরিন জেনারেলকে বিভ্রান্তিকর ও বিশৃঙ্খল পরিবেশকে সুশৃঙ্খল করার চ্যালেঞ্জ মোকাবিলা করেই কাজ করতে হবে।

ট্রাম্প তাঁর ছয় মাসের শাসনামলে হোয়াইট হাউসের রীতি ভেঙে দিয়েছেন। উপদেষ্টাদের অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ে নিয়ন্ত্রণহীন সিদ্ধান্ত গ্রহণের এবং উন্মুক্ত নীতি নির্ধারণে হোয়াইট হাউসকে একরকমের আড্ডার জায়গায় পরিণত করেছেন। এতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বেড়েছে।

রিপাবলিকান কৌশলবিদ এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের উপদেষ্টা কার্ল রোভ গতকাল ফক্স নিউজকে বলেন, নতুন চিফ অব স্টাফকে এই নাটক বন্ধ করার উদ্যোগ নিতে হবে। হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে গোপন বিষয় ফাঁস হওয়ার ঝুঁকি কমানোর পাশাপাশি কর্মকর্তাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

ট্রাম্প গত সপ্তাহের শেষ দিকে চিফ অব স্টাফ রেইন্স প্রিবাসকে সরিয়ে দেন। ওই সপ্তাহে ট্রাম্পের স্বাস্থ্য সংস্কারসংক্রান্ত বিল কংগ্রেসের অনুমোদন পায়নি।

রোভ আরও বলেন, ‘ট্রাম্প অনেক সমস্যার মুখোমুখি। এই সপ্তাহ ছিল চরম বিশৃঙ্খল। আমরা তুমুল কোলাহলপূর্ণ প্রেসিডেন্সি দেখেছি। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ছিল স্বাস্থ্য সংস্কার-বিপর্যয়। এরপরেই ট্রাম্পের রোষানলের শিকার হন সামরিক বাহিনীর ট্রান্সজেন্ডার-শ্রেণির লোকজন।’

এমন পরিস্থিতিতে আরও ইন্ধন দেন ট্রাম্পের নতুন যোগাযোগবিষয়ক পরিচালক অ্যান্থনি স্কারামুচি। তিনি নিউইয়র্কার ম্যাগাজিনের প্রতিনিধির কাছে প্রিবাস এবং ট্রাম্পের কৌঁসুলি স্টিভেন ব্যাননের কড়া সমালোচনা করেছেন।

রিপাবলিকানরা কেলিকে আনার ক্ষেত্রে ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কেলি গতকাল সোমবার দায়িত্ব গ্রহণ করেছেন।

রিপাবলিকান সিনেটর সুসান কলিংস মনে করেন, কেলি কিছুটা হলেও ওয়েস্ট উইংয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন।

গত সপ্তাহে ট্রাম্পের দলের সর্বোচ্চ উদ্বেগ ছিল ওয়েস্ট উইংয়ের স্থবিরতা এবং ক্ষোভ সামাল দেওয়া।

হোয়াইট হাউসের বাজেট পরিচালক মিক মুলভানি বলেন, প্রিবাস খুবই সক্রিয় ছিলেন। কিন্তু তিনি দপ্তর পরিচালনার ক্ষেত্রে সম্ভবত কিছুটা পিছিয়ে ছিলেন।

এটা এখনো স্পষ্ট নয় যে ট্রাম্পের জ্যেষ্ঠ কর্মকর্তারা কেলির সঙ্গে কেমন আচরণ করবেন। তবে জ্যেষ্ঠ পরামর্শক কেলানি কনওয়ে ফক্স নিউজকে বলেন, ‘প্রেসিডেন্ট এবং আমাদের নতুন চিফ অব স্টাফ জেনারেল কেলি আমাকে যেভাবে বলবেন, আমি সেভাবে কাজ করব।’