হোয়াইট হাউসে অস্থিরতায় জেনারেলদের উত্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোয়াইট হাউসের লন ধোয়ামোছার কাজ চলছে
হোয়াইট হাউসের লন ধোয়ামোছার কাজ চলছে

প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সাবেক মেরিন কর্মকর্তা জন কেলিকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হোয়াইট হাউসের বাজেট প্রধান মিক মালভেনি বলেন, ‘জানেনই তো, তিনি জেনারেলদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন।’ মালভেনির এ বক্তব্যের ভিত ক্রমেই মজবুত হচ্ছে। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে হোয়াইট হাউসে সাবেক সামরিক কর্মকর্তাদের সংখ্যা বাড়ছে। ট্রাম্প প্রশাসন পরিচালনার সক্ষমতা একমাত্র সাবেক সেনা কর্মকর্তাদেরই রয়েছে, এমনটাই প্রতীয়মান হচ্ছে ক্রমশ।
এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদে সাবেক জেনারেলরা বসেছেন। ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রয়েছেন সাবেক মেরিন কর্মকর্তা জেনারেল জেমস ম্যাটিস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টার।
সমালোচকেরা বলছেন, এসব জেনারেল মার্কিন পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতি পরিকল্পনায় তাঁদের প্রভাব সময়ের সঙ্গে বাড়াবেন। এটি রাজনীতির জন্য হুমকি। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক কর্মকর্তাদেরই একমাত্র বিশ্বাস করেন বলে মনে হচ্ছে।
অবশ্য মার্কিন প্রশাসনে সেনা কর্মকর্তাদের প্রভাব বরাবরই ছিল। মার্কিন স্বাধীনতাসংগ্রাম তথা জর্জ ওয়াশিংটনের সময় থেকেই এ ধারা চলে আসছে। তবে সময়ের সঙ্গে জাতীয় ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সামরিক বাহিনীর সরাসরি সংশ্লিষ্টতা কমে আসছিল। সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অধিনায়ক ডোইট ডি আইজেনহাওয়ার ও গৃহযুদ্ধের সময় সামরিক প্রধান ইউলিসিস এস গ্রান্ট ওভাল অফিস পর্যন্ত প্রভাব বিস্তার করেছিলেন। এরপর সাম্প্রতিক ইতিহাসে হোয়াইট হাউসের ওপর সামরিক বাহিনীর প্রভাব থাকলেও এ ধরনের কর্তৃত্বের ক্ষেত্র প্রস্তুত হতে আর দেখা যায়নি। কিন্তু ট্রাম্প প্রশাসন যেন সে দিনকেই ফিরিয়ে আনছে বলে উল্লেখ করা হয়েছে এ-বিষয়ক রয়টার্সের এক বিশ্লেষণে।
হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ছাড়াও বেশ কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব ট্রাম্প দিয়েছেন সাবেক কিংবা বর্তমান সেনা কর্মকর্তাদের হাতে। কাতার সংকট নিরসনে মার্কিন বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক জেনারেল অ্যান্থনি জিন্নিকে। সাবেক কর্মকর্তার নিযুক্তির চেয়ে রাজনীতিসংশ্লিষ্ট পদে বর্তমান সেনা কর্মকর্তার নিয়োগ বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে রয়টার্সের প্রতিবেদনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাকমাস্টারের কথা উল্লেখ করা হয়েছে। এ কর্মকর্তা এখনো সামরিক বাহিনীতে কর্মরত। কিন্তু এ অবস্থায়ই তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করাকে ভালো চোখে দেখছেন না বিশ্লেষকেরা। এরই মধ্যে রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা এবং আফগানিস্তান নীতি নিয়ে আরেক উপদেষ্টা স্টিভ ব্যাননের সঙ্গে তাঁর সম্পর্ক দ্বান্দ্বিক পর্যায়ে পৌঁছেছে।
বিশ্লেষকেরা বলছেন, খুব বেশি সামরিক কর্মকর্তা যে হোয়াইট হাউস বা রাষ্ট্রীয় পদগুলোয় বসেছেন, এমন নয়। কিন্তু যে অল্প কজন নিয়োগ পেয়েছেন, তাঁদের নিয়েই শঙ্কার সৃষ্টি হয়েছে। এর পেছনে তাদের কর্মকাণ্ড নয় বরং বহু বেসামরিক পদ খালি থাকাই মূল কারণ।
রয়টার্স জানায়, ম্যাটিস, কেলি, ম্যাকমাস্টারসহ দায়িত্বপ্রাপ্ত সব সামরিক কর্মকর্তাই ইরাক ও আফগানিস্তানে কাজ করেছেন। এটিও এসব কর্মকর্তাকে ঘিরে সংশয় ঘনিয়ে ওঠার একটি কারণ। কারণ, তাঁদের সঙ্গে একই ক্ষেত্রে কাজ করেছেন এমন কর্মকর্তাদের অনেকেই এখন সামরিক বাহিনীর কোনো না কোনো গুরুত্বপূর্ণ পদে বসে আছেন। আর এ পরোক্ষ সংযোগ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসনের সমালোচকদের উসকে দিতে পারে।
সাবেক ওবামা প্রশাসনের ক্ষেত্রে চিত্রটা ছিল ঠিক বিপরীত। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষেত্রে অভিযোগ ছিল, তিনি তাঁর জেনারেলদের সঙ্গে স্বস্তিবোধ করেন না। অন্যদিকে ট্রাম্প জেনারেলদের নিজস্ব প্রচারকাজে লাগাচ্ছেন। সাবেক ও বর্তমান কর্মকর্তাদের এমন একটি কাজে ব্যস্ত হয়ে পড়াটা দেশের নিরাপত্তার জন্যই ক্ষতিকর।