হোয়াইট হাউসে চাকরির লোক পাওয়া যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের চার মাস পরেও ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের গুরুত্বপূর্ণ কিছু পদে লোক নিয়োগ দিতে পারেননি। প্রশাসনের সর্বস্তরে বিপুলসংখ্যক পদ এখনো শূন্য থাকায় বিভিন্ন দপ্তরের কাজ-কর্মে স্থবিরতা দেখা দিয়েছে।

ট্রাম্পের যোগ্যতা নিয়ে সন্দেহ যত বাড়ছে, তাঁর প্রশাসনে কাজ করার আগ্রহও তত কমে আসছে। সর্বশেষ যে ব্যক্তিটি ট্রাম্পের চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, তিনি হলেন মিলওয়াকির বিতর্কিত কাউন্টি শেরিফ ডেভিড ক্লার্ক। ট্রাম্প তাঁকে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সহকারী মন্ত্রী হতে আমন্ত্রণ জানিয়েছিলেন।

এ মুহূর্তে ট্রাম্পের হোয়াইট হাউস রীতিমতো ‘বিস্ফোরক’ অবস্থায় রয়েছে। গত সপ্তাহে ট্রাম্প নিজে জানিয়েছেন, বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের কারণে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের বিচার বিভাগীয় তদন্তের তিনি একজন ‘লক্ষ্যবস্তু’। নিজের গা বাঁচানোর জন্য ট্রাম্প ইতিমধ্যে একজন ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করেছেন। শুধু তিনি নন, তদন্তের আওতায় আসায় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করেছেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, রিপাবলিকান সদস্যদের হোয়াইট হাউসের চাকরি প্রত্যাখ্যানের কারণ শুধু ট্রাম্পের আইনি ঝামেলা নয়, তাঁর অনিয়ন্ত্রিত মেজাজও। তিনি ইতিমধ্যে এফবিআইর একজন প্রধানকে চাকরিচ্যুত করেছেন এবং সহকারী অ্যাটর্নি জেনারেলকে বরখাস্তের ইঙ্গিত করেছেন। এমনকি অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে বাদ দেওয়ার কথাও তিনি বিবেচনা করেছিলেন বলে শোনা গেছে। এ অবস্থায় সম্ভাব্য চাকরিপ্রার্থীরা প্রশ্ন করা শুরু করেছেন, এই হোয়াইট হাউসের চাকরি নিলে তাঁদের ব্যক্তিগত সম্মান ক্ষতিগ্রস্ত হবে না তো?

বিগত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মন্তব্য করেছেন, এই প্রেসিডেন্ট তাঁর অ্যাটর্নি জেনারেলকেও বাসের নিচে ছুড়ে ফেলতে দ্বিতীয়বার চিন্তা করবেন না। এ অবস্থায়, এমন একজন অস্থিরমতি ‘বসের’ হয়ে কাজ করতে আগ্রহী লোকের সংখ্যা কমে আসতে বাধ্য। এমন একজন ব্যক্তির ওপর কারও কোনো আস্থা থাকার কথা না। ওয়াশিংটন পোস্টকে বলেন ওই কর্মকর্তাটি।

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে প্রায় ২ হাজার পদে লোক নিয়োগ এখনো বাকি। ট্রাম্পের মুখপাত্র শন স্পাইসার বলেছেন, চাকরিতে আগ্রহী লোকের অভাব নেই, তবে তাঁদের মনোনয়ন চূড়ান্ত করার আগে খোঁজখবর নিতে সময় লাগছে।