হোয়াইট হাউসে থাকছেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপরিবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প l এএফপি
সপরিবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প l এএফপি

হোয়াইট হাউসে উঠেছে ট্রাম্প পরিবার। যুক্তরাষ্ট্রের ‘ফার্স্ট ফ্যামিলি’। নতুন করে সরগরম হয়ে উঠেছে ‘সাদা বাড়ি’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরদিনই দাপ্তরিক কাজে ডুবে গেছেন। অন্যদিকে ট্রাম্পপত্নী ফার্স্ট লেডি মেলানিয়া, তিন ফার্স্ট সন ডোনাল্ড জুনিয়র, এরিক ও বারোন এবং দুই ফার্স্ট ডটার ইভানকা ও টিফানিও হোয়াইট হাউসে এসেছেন। এর বাইরে বড় ছেলে ডোনাল্ড জুনিয়রের স্ত্রী ভ্যানেসা হাইডন ও মেজো ছেলে এরিকের স্ত্রী লারা ইউনাস্কা, বড় মেয়ে ইভানকার স্বামী জ্যারেড কুশনার ও ছোট মেয়ে টিফানির প্রেমিক রস মেকানিকও শনিবার হোয়াইট হাউসে ছিলেন। হোয়াইট হাউসে গিয়েছেন ডোনাল্ড জুনিয়রের পাঁচ ছেলেমেয়ে ও ইভানকার তিন ছেলেমেয়েও। এই বিরাট যৌথ পরিবারের বসবাসের জন্য ছয়তলা এ বাড়িতে রয়েছে ১৩২টি কক্ষ। যার যে খাবার পছন্দ সেই অনুযায়ী খাবার সরবরাহ করার জন্য নিয়োজিত আছে পাচক বাহিনী। বিনোদনের জন্য বাড়ির ভেতরেই রয়েছে নানা আয়োজন। তবে এই ফার্স্ট ফ্যামিলির সবাই হোয়াইট হাউসে থাকছেন না। ছেলে বারোন নিউইয়র্কের স্কুলে পড়ে বলে ফার্স্ট লেডি মেলানিয়া অধিকাংশ সময় কাটাবেন নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে। আজ সোমবারই তাঁর ওয়াশিংটন থেকে নিউইয়র্কে ফিরে যাওয়ার কথা।

ডোনাল্ড জুনিয়র ও এরিক—এই দুই ভাই যেহেতু বাবার ব্যবসা সাম্রাজ্য ট্রাম্প অর্গানাইজেশনের দেখভালের দায়িত্ব পেয়েছেন, সে জন্য ব্যবসা সামলাতে তাঁরাও নিউইয়র্কে ফিরে যাবেন বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পের বড় মেয়ে ইভানকার স্বামী জ্যারেড কুশনার প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা নিযুক্ত হয়েছেন বলে এই দম্পতিকে পুরোটা সময় ওয়াশিংটনে থাকতে হবে। এ ছাড়া মেয়ে টিফানিও হোয়াইট হাউসে থাকবেন।