হোয়াইট হাউসে যেভাবে কাটে ট্রাম্পের দিন

আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে ব্যতিক্রম সৃষ্টি করেই বারবার আলোচিত হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে যেমন সব প্রথা ভেঙে প্রচার চালিয়েছেন। তেমনি ক্ষমতা গ্রহণের পরও পূর্বসূরিদের পথে হাঁটছেন না তিনি। আমেরিকার সাম্প্রতিক প্রেসিডেন্টরা তাঁদের বন্ধু-পরিজনকে দৃশ্যত পরিহার করেই চলতেন। প্রেসিডেন্ট ট্রাম্প এর ব্যতিক্রম। সরকারিভাবে নিয়োজিত উপদেষ্টাদের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ধনকুবের হিসেবে পরিচিত, এমন দুই ডজনের মতো ঘনিষ্ঠ বন্ধু তাঁর পরামর্শক। নীতি নির্ধারণ থেকে শুরু করে দৈনন্দিন কার্যক্রম ঠিক করেন একান্ত নিজস্ব লোকজনের পরামর্শে। এঁদের মধ্যে ট্রাম্প-পরিবারের সদস্য ট্রাম্প জুনিয়র এরিক ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ছাড়াও আছেন তাঁর জামাতা এবং রাজনৈতিক সহচরেরা। সংবাদমাধ্যমের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব, দীর্ঘ ব্যবসায়ী জীবনের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরাও রয়েছেন। এঁদের পরামর্শ তিনি তাঁর প্রশাসনে ব্যবহার করছেন।
নিউইয়র্ক টাইমস এ-সংক্রান্ত প্রতিবেদনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের জীবন নিয়ে লিখেছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছের জনেরা যেকোনো সময় ফোন করে থাকেন। বিকেলে, গভীর রাতে এমনকি রাত দুইটা-তিনটায় তাঁদের প্রবেশাধিকার রয়েছে প্রেসিডেন্টের কাছে। এঁরা এক প্রসঙ্গে কথা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে যান। কেউ কেউ এটাকে ‘চেতনার প্রবাহ’ বলে আখ্যায়িত করেন। নিউইয়র্ক টাইমস বলেছে, এটা ট্রাম্পের মতামত সংগ্রহের পন্থা। বিভিন্ন জনের মতামত জেনে তিনি কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। ইতিপূর্বে যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলোর পর্যালোচনা, এমনকি সমালোচনাও তিনি এঁদের কাছে জানতে চান।
প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ভরযোগ্য বন্ধুবান্ধবদের বৃত্ত বিশাল ও গভীর। ট্রাম্প তাঁর রিয়েল এস্টেট এবং ক্যাসিনো ব্যবসার অভিজ্ঞতাকে হোয়াইট হাউসেও ব্যবহার করতে চান। তিনি বেশি বেশি তথ্য জানতে আগ্রহী। বন্ধুরা যেকোনো বিষয়ে ট্রাম্পকে পরামর্শ ও তথ্যের জোগান দিয়ে থাকেন। তাঁরা এর বিনিময়ে ট্রাম্পের কাছে কিছুই দাবি করেন না।
আমেরিকার বহু প্রেসিডেন্ট বাইরের খবরাখবর জানার জন্য হোয়াইট হাউসের ভেতরের উপদেষ্টাদের পাশাপাশি বাইরের লোকজনের সঙ্গেও যোগাযোগ রাখতেন। এঁদের মধ্যে থাকতেন সাধারণ সাবেক সরকারি কর্মকর্তা, যাঁদের পরামর্শের জন্য অভিজ্ঞ বলে মনে করা হতো।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণার উপদেষ্টা গিংরিচ মনে করেন, ট্রাম্প ব্যাপক সূত্র থেকে তথ্য জানার চেষ্টা করেন। এসব থেকে প্রাপ্ত তথ্য বা পরামর্শ ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের সময় ব্যবহার করেন। তবে এ ক্ষেত্রে তিনি দীর্ঘদিনের বন্ধু ও উপদেষ্টাদের প্রতি বেশি আন্তরিক। অনিয়মিত উপদেষ্টা ও বন্ধুদের সঙ্গে ট্রাম্পের যোগাযোগকে সমর্থন করে হোয়াইট হাউস বিবিধ মতামত গ্রহণকে সম্পদ হিসেবে মনে করে। কৌশলগত কারণেই ট্রাম্প ব্যাপকসংখ্যক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন।
ট্রাম্পের বন্ধুদের কেউ কেউ তাঁকে চলমান খুঁটি মনে করেন। তাঁদের মতে ট্রাম্প হলেন, আধুনিক যুগের সবচেয়ে সহজে প্রবেশসাধ্য প্রেসিডেন্ট। এতে মানুষের কাছে মনে হবে, প্রেসিডেন্টের সিদ্ধান্তে তাদের অনুভূতিরই প্রকাশ ঘটে। ট্রাম্পের ফোনে যোগাযোগ মানুষের শুভেচ্ছা প্রাপ্তির একটা পন্থাবিশেষ। তিনি মাঝেমধ্যে এমন সব ব্যক্তির কাছে ফোন করেন, যাঁদের কখনোই আগে দেখেননি। তাঁর এক উপদেষ্টার মতে, এটা হলো যোগাযোগের ক্ষেত্র বাড়ানোর কৌশল।
এভাবেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর হোয়াইট হাউসের প্রথম ১০০ দিন পার করছেন। ক্ষমতায় আসার আগে যেমন নানা আলোচনার জন্ম দিয়েছিলেন, ক্ষমতা গ্রহণের পরও প্রথাবিরোধী রাষ্ট্রপরিচালনা করে আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।