হোয়াইট হাউসের অন্দরে অস্থিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেক্স টিলারসন
রেক্স টিলারসন

একে একে প্রায় সব রাজনৈতিক মিত্রকেই খেপিয়ে তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন বক্তব্য ও পদক্ষেপের কারণে ট্রাম্পের সঙ্গে তাঁর ঘনিষ্ঠজনদের দূরত্ব ক্রমেই বাড়ছে। এ তালিকায় নতুন যুক্ত হতে যাচ্ছেন সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। পররাষ্ট্রনীতি, হোয়াইট হাউসে রদবদলসহ বেশ কিছু বিষয়েই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্টের মতানৈক্যের বিষয়টি এরই মধ্যে সামনে চলে এসেছে।
এ অবস্থায় হোয়াইট হাউসে শেষ পর্যন্ত টিলারসন থাকবেন কি না, তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে, যাকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আখ্যা দিয়েছে ‘রেক্সিট’ হিসেবে। এ ছাড়া হোয়াইট হাউসের অভ্যন্তরে আরও বেশ কিছু বিষয়ে সংশয় কাজ করছে। জেনে নেওয়া যাক, হোয়াইট হাউসের ক্রমবর্ধমান অস্থিরতার কারণগুলো।
হোয়াইট হাউসজুড়ে অস্থিরতা কয়েক সপ্তাহ ধরেই হোয়াইট হাউসে ব্যাপক অস্থিরতা বিরাজ করেছে। এ অস্থিরতার পেছনে অন্যতম কারণ হিসেবে রয়েছে হোয়াইট হাউস কর্মকর্তা পর্যায়ে রদবদল। এর মধ্যে উপদেষ্টাদের মত এড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের একক সিদ্ধান্তে যোগাযোগ পরিচালক হিসেবে অ্যান্থনি স্ক্যারামুচ্চির নিয়োগ বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ঘটনার অব্যবহিত পরই পদত্যাগ করেন হোয়াইট হাউসের প্রেস সচিব শন স্পাইসার।
এখানেই শেষ নয়। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প তাঁর প্রশাসনের অ্যাটর্নি জেনারেল জেফ সেশন সম্পর্কে বেশ কিছু আক্রমণাত্মক মন্তব্য করেন। জেফ সেশন তাঁর প্রতি ‘অন্যায্য আচরণ’ করেছেন বলে ওই সাক্ষাৎকারে মন্তব্য করেন ট্রাম্প। এ ঘটনাও অস্বস্তিতে ফেলেছে হোয়াইট হাউসকে। প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্যকে যাঁরা ‘অপেশাদার’ বলে মনে করেন, তাঁদের মধ্যে সামনের সারিতেই রয়েছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
পররাষ্ট্রনীতি নিয়ে দূরত্ব আরও বেশ কিছু বিষয়ে হোয়াইট হাউসের সঙ্গে টিলারসনের দূরত্ব সৃষ্টি হয়েছে। এর মধ্যে হোয়াইট হাউসের ইরান-নীতির কথা উল্লেখ করা যায়। এ নিয়ে তাঁর হতাশা গোপন নয়। তবে এখনই তিনি হাল ছাড়ছেন না বলে জানিয়েছেন টিলারসনের ব্যক্তিগত বন্ধুরা। টিলারসনের বরাত দিয়ে তাঁরা জানান, বিভিন্ন বিষয়ে হতাশা সত্ত্বেও চলতি বছরের শেষ পর্যন্ত তিনি অপেক্ষা করতে চান। তবে নাম প্রকাশ না করার শর্তে দুটি সূত্র সিএনএনকে জানায়, টিলারসন খুব দ্রুতই হোয়াইট হাউস ত্যাগের সিদ্ধান্ত নিলে তাঁরা অবাক হবেন না। কারণ, টিলারসনের মধ্যে হতাশার মাত্রা ক্রমশই বাড়ছে। এ দুই সূত্রই ওয়াশিংটনের বাইরে টিলারসন ও তাঁর বন্ধুদের মধ্যে হওয়া আলোচনা সম্পর্কে অবগত।
ওবামাকেয়ার বাতিলে বাড়াবাড়ি ২২ জুলাই ওবামাকেয়ার বাতিল ও তা নতুন একটি স্বাস্থ্য সুরক্ষা আইন দ্বারা প্রতিস্থাপনের জন্য সিনেটরদের ওপর আবারও চাপ দেন ট্রাম্প। এ ক্ষেত্রে হোয়াইট হাউস নিশ্চিতভাবে জিততে চায়। না হলে এটি প্রেসিডেন্টের আরেকটি রাজনৈতিক পরাজয় হিসেবে দেখা দেবে। কারণ, ট্রাম্পের ঘনিষ্ঠ অনেকেই ওবামাকেয়ারের পেছনে এতটা সময় নিযুক্ত করাকে সময়ের অপচয় বলে মনে করছেন।
করহার পুনর্গঠন করহার পুনর্গঠনপ্রক্রিয়া নিয়েও হোয়াইট হাউসে একধরনের সংশয় বিরাজ করছে। নিউইয়র্ক টাইমসের জুলি হার্শফেল্ড ডেভিস বলেন, ‘করহার পুনর্গঠন নিয়ে কংগ্রেসে রিপাবলিকান নেতাদের সঙ্গে অর্থমন্ত্রী স্টিভেন নুচিন, জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক গ্যারি কোহনের বৈঠক হচ্ছে। এ ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি এখনো হয়নি। পর্দার আড়ালে হওয়া এসব বৈঠকে তাঁরা করহার কমানোর বাইরে বড় ধরনের পুনর্গঠনে কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন বলে আমরা জানতে পেরেছি। এমনকি চলতি বছর এ নিয়ে কোনো পদক্ষেপেও একধরনের অনিশ্চয়তা রয়েছে।’
সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্কোন্নয়ন হোয়াইট হাউসের যোগাযোগপ্রধান পদে নিয়োগ পাওয়ার পর থেকে অ্যান্থনি স্ক্যারামুচ্চি মার্কিন সংবাদমাধ্যম নিয়ে অনেকটা ট্রাম্পের সুরে কথা বললেও তিনি এ ক্ষেত্রে কিছুটা ইতিবাচক মনোভাবের ইঙ্গিত দিয়েছেন। ইতিমধ্যে তিনি এ বিষয়ে বলেছেন, মূলধারার সংবাদমাধ্যমের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক তিনি চান। তবে স্ক্যারামুচ্চির এমন মনোভাব বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে সময় খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লষকেরা।
নিউইয়র্ক টাইমসের মাইকেল শিয়ার বলেন, প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ, সংবাদ সম্মেলন ইত্যাদি ক্ষেত্রে কড়াকড়ি তুলে নেওয়ার জন্য সংবাদকর্মীরা অনেক দিন থেকেই বলে আসছেন। হোয়াইট হাউসের সঙ্গে সংবাদমাধ্যমের সম্পর্কোন্নয়ন অনেক জরুরি। এ ক্ষেত্রে কিছু আশার আলোও দেখা যাচ্ছে। কারণ, হোয়াইট হাউসে সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিদের অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ঠিক একই সময়ে হোয়াইট হাউসের যোগাযোগপ্রধানের পদেও পরিবর্তন এসেছে। কিন্তু এ ক্ষেত্রে স্বয়ং প্রেসিডেন্টের নেতিবাচক মনোভাবটি একটি বড় বাধা। এখন হোয়াইট হাউসের সঙ্গে সংবাদকর্মীদের সম্পর্কের বরফ আদৌ গলে কি না, তা দেখার বিষয়।
অভিবাসননীতি আমেরিকায় দীর্ঘদিন ধরে থাকা অনিবন্ধিত অভিবাসীদের বিষয়ে ট্রাম্প প্রশাসন একধরনের মিশ্র ইঙ্গিত দিয়ে রেখেছে। এ বিষয়ে হোয়াইট হাউসের অবস্থান এখনো সুস্পষ্ট নয়। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, অনিবন্ধিত অভিবাসীদের বিষয়ে ওবামা প্রশাসন উদারতা দেখিয়েছে। তাঁর অধীনে সে রকম কিছু থাকবে না। কিন্তু এখন পর্যন্ত ‘ড্রিমার’ হিসেবে বেশি পরিচিত এসব অনিবন্ধিত অভিবাসী প্রশ্নে চূড়ান্ত কোনো পদক্ষেপ তিনি নেননি। বরং একাধিক আলোচনায় তিনি জানিয়েছেন, অনিবন্ধিত অভিবাসীদের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন। কারণ, এমন বহু অনিবন্ধিত অভিবাসী রয়েছেন, যাঁদের মার্কিন আইনের প্রতি আনুগত্য রয়েছে।
বিশেষত অল্প বয়সে ভাগ্যান্বেষণে আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন বেশ অস্বস্তির মধ্যে রয়েছে। ড্রিমার অ্যাক্ট নামে পরিচিত এ-বিষয়ক একটি আইনের পরিমার্জিত সংস্করণ আলোচনায় এসেছে। ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ডারবিন ও রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের সমর্থনপুষ্ট এ আইনের প্রতি দুই দলেই কিছুটা ইতিবাচক মনোভাব রয়েছে।