হোয়াইট হাউসের আইনজীবী চাকরি ছাড়ছেন

আগামী কয়েক মাসের মধ্যে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ এক আইনজীবী ডন মেগ্যান তাঁর পদ থেকে সরে দাঁড়াবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেন, আগামী শরতে সুপ্রিম কোর্টের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর তিনি চলে যাবেন।
গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে চলমান তদন্তে মেগ্যানের ‘সহযোগিতায় অস্বস্তিতে’ পড়েছে হোয়াইট হাউস।
এই আইনজীবী বিচার বিভাগের চলমান তদন্তে তিনবার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। সেখানে ৩০ ঘণ্টা সময় দিয়েছেন।
চলতি মাসে নিউইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়, স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারকে তিনি ব্যাপকভাবে সহযোগিতা করেছেন।
যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য আঁতাতের ঘটনা খতিয়ে দেখছেন বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার।
মেগ্যান ছিলেন ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের একজন আইনজীবী। হোয়াইট হাউস ছেড়ে যাওয়া জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে তিনি হবেন সর্বশেষ ব্যক্তি।
মেগ্যানের ঘনিষ্ঠ একজন ওয়াশিংটন পোস্টকে জানান, আগামী শরতে তাঁর পদত্যাগের পরিকল্পনা রয়েছে।
যদিও মেগ্যান বলেছেন, এ নিয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা করেননি। কিন্তু ট্রাম্পের টুইট দেখে তিনি অবাক হয়েছেন।