হোয়াইট হাউসের পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপরিবারে ছুটি কাটাতে যাচ্ছেন বারাক ওবামা। ফাইল ছবি l এএফপি
সপরিবারে ছুটি কাটাতে যাচ্ছেন বারাক ওবামা। ফাইল ছবি l এএফপি

ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে আজ শুক্রবার দুপুরে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের শপথ পড়ার পর যখন ‘গদি’ বুঝে নিতে ব্যস্ত থাকবেন, বারাক ওবামা তখন সপরিবার ক্যালিফোর্নিয়ার পথে। সদ্য সাবেক প্রেসিডেন্ট তাঁর স্ত্রী মিশেল আর দুই মেয়ে সাশা ও মালিয়াকে নিয়ে পাম স্প্রিংয়ের সাগর সৈকতে কয়েকটা দিন নিজেদের মতো করে বেড়াবেন।
তারপর? ঘরে ফিরে কী করবেন বারাক ওবামা?
বুধবার সংবাদ সম্মেলনে ওবামার সাবেক সহযোগী ডেভিড এক্সিলর্ড সিএনএনের পক্ষ থেকে এমনটাই জিজ্ঞাসা করেছিলেন।
ওবামার জবাব ছিল, ‘খানিকটা সময়ের জন্য আমাকে নিরিবিলি হতে হবে। আমি রাজনৈতিক নিরিবিলির কথা বলছি না; একান্ত ব্যক্তিগত নিভৃতির কথা বলছি। আমাকে আগে নিজের একটু ধাতস্থ হয়ে নিতে হবে।’
ওবামা এর আগে যা বলেছেন, তা ঠিক থাকলে হোয়াইট হাউস-উত্তর জীবনে তিনি নিজেকে অধিকাংশ সাবেক মার্কিন প্রেসিডেন্টের মতো নিজেকে পর্দার আড়ালে নেবেন না। হবেন তাঁর ভাষায় একজন ‘সক্রিয় নাগরিক’। লেখালেখি করবেন, সংখ্যালঘু তরুণদের জন্য কাজ করবেন। সক্রিয় থাকবেন রাজনৈতিকভাবেও।
নিজের দল ডেমোক্রেটিক পার্টিকে চাঙা করার জন্য যা যা দরকার, তা-ই করবেন বলে জানিয়ে রেখেছেন ওবামা। গণতন্ত্রের ভিত্তির ওপর কোনো ধরনের হুমকি এলেও সরব হবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদ থেকে সরে যাওয়ার পর এর আগে কেউই ক্ষমতাসীন প্রেসিডেন্টের সমালোচনা করেন না। এটি দেশটির একটি অঘোষিত রেওয়াজ। তবে ওবামা বলেছেন, তিনি জাতির প্রয়োজনে এই রেওয়াজ ভাঙতে কুণ্ঠিত হবেন না।
ওবামার এই কথায় মনে করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প আগামী দিনগুলোতে তাঁর পূর্বসূরির বাধার মুখে পড়তে পারেন।
এর আগের প্রায় সব সাবেক প্রেসিডেন্টই হোয়াইট হাউস ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। জিমি কার্টার জর্জিয়ায়, রোনাল্ড রিগ্যান ক্যালিফোর্নিয়ায়, বিল ক্লিনটন নিউইয়র্কে, বুশ সিনিয়র ও বুশ জুনিয়র টেক্সাসে নিজেদের বাড়িতে ফিরেছেন। হাওয়াই দ্বীপপুঞ্জে জন্ম নেওয়া এবং শিকাগোতে রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তোলা বারাক ওবামার ওয়াশিংটনের প্রতি অতি প্রেম কখনোই দেখা যায়নি। তা সত্ত্বেও আপাতত ওয়াশিংটন ছাড়তে পারছেন না তিনি। মেয়ে সাশার হাইস্কুল শেষ না হওয়া পর্যন্ত তাঁকে ওয়াশিংটনেই থাকতে হবে। ইতিমধ্যে কালোরামা এলাকায় তাঁদের থাকার জন্য একটি বাড়ি ভাড়া করা হয়েছে।
আয় উপার্জনের জন্য ওবামা শিক্ষকতা পেশা বেছে নিতে পারেন। ২০১৪ সালে নিউ ইয়র্কার পত্রিকাকে এমন ইচ্ছার কথা তিনি বলেওছিলেন। এ ছাড়া তাঁর আত্মজীবনী লেখাটাও যথেষ্ট ‘অর্থকরী’ হবে বলে মনে করা হচ্ছে। খবর বেরিয়েছে, আত্মজীবনী ও অন্যান্য বিষয়ে বই লেখার সম্মানী বাবদ তিনি দুই কোটি ডলারের বেশি আয় করতে যাচ্ছেন।