হোয়াইট হাউসের যোগাযোগপ্রধানের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক ডাবকে
মাইক ডাবকে

পদত্যাগ করেছেন হোয়াইট হাউসের যোগাযোগপ্রধান মাইক ডাবকে। ১৮ মে রিপাবলিকান পার্টির অভিজ্ঞ পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মাইক ডাবকে পদত্যাগপত্র জমা দেন। ডাবকের স্থলাভিষিক্ত হিসেবে এখন পর্যন্ত কারও নাম ঘোষণা করা হয়নি।

গত মার্চেই মাইক ডাবকেকে হোয়াইট হাউসের যোগাযোগপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের গণমাধ্যম পরিকল্পনা ঢেলে সাজাতে তাঁকে নিয়োগ দেওয়া হয়। ডাবকের পদত্যাগের ফলে হোয়াইট হাউসের গণমাধ্যম পরিকল্পনায় বড় ধরনের রদবদল ঘটছে।

ডাবকে পদত্যাগ করায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার এখন তাঁর দায়িত্ব পালন করবেন। তবে হোয়াইট হাউসের মিডিয়া ব্রিফিং কমে আসবে।

হোয়াইট হাউসের যোগাযোগ টিমের সদস্যদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেওয়ার পর ডাবকের কাছ থেকে পদত্যাগের ঘোষণা এসেছে বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট থেকে ডাবকের পদত্যাগের ঘোষণার তথ্য জানিয়েছে মার্কিন রাজনৈতিক ওয়েবসাইট এক্সিওস নিউজ। মার্কিন এই সংবাদমাধ্যম বলছে, ভালো সময়েই হোয়াইট ছাড়লেন ডাবকে। গুঞ্জন উঠেছিল, প্রেস সেক্রেটারি শন স্পাইসারও পদ ছেড়ে দিতে পারেন। তবে তিনি স্বপদেই থাকছেন।

হোয়াইট হাউসের পরামর্শক কেলানি কনওয়ে বলেছেন, শনিবার পর্যন্ত মধ্যপ্রাচ্য ও ইউরোপ সফরে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর ফিরে আসা পর্যন্ত কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছেন ডাবকে।

তথ্যসূত্র : বিবিসি।