হ্যাকিংয়ে রাশিয়া একা ছিল মানতে নারাজ ট্রাম্প

গত বছর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি শুরু থেকেই আলোচনায় রয়েছে। যুক্তরাষ্ট্রে এ নিয়ে চলছে তদন্তও। এত দিন বিষয়টি একরকম অস্বীকার করে এলেও পোল্যান্ড সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ-বিষয়ক একটি বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, নির্বাচনী প্রচারণায় হস্তক্ষেপের পেছনে রাশিয়া কি একাই দায়ী? নাকি এর সঙ্গে আরও কেউ রয়েছে, তা সুস্পষ্টভাবে কেউ জানে না।
আসন্ন জি-২০ বৈঠকে যোগ দিতে জার্মানি যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কাল ৭ জুলাই থেকে অনুষ্ঠেয় এ সম্মেলনে যোগ দিচ্ছেন বিশ্বের শীর্ষ ২০ দেশের নেতারা। এ সম্মেলনে যোগ দিতে জার্মানি যাওয়ার পথে পোল্যান্ডে যাত্রাবিরতি করেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই ইউরোপের কোনো দেশে ট্রাম্পের প্রথম সফর। সংক্ষিপ্ত এ সফরে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে আজ এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রজ দুদা ও ট্রাম্প।
এতে বিগত নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি উঠে আসে।
এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ২০১৬ সালের নির্বাচনে রাশিয়া একাই হস্তক্ষেপ করেছে এমন নিশ্চিত সিদ্ধান্তের বিষয়ের সঙ্গে আমি একমত নই। এ সময় নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল কিনা এমন প্রশ্নের উত্তর শুধু ‘হ্যাঁ’ অথবা ‘না’-এ দিতে বললে তিনি বলেন, একবার মনে হয় এটি রাশিয়া। আবার অন্য কোনো দেশের অন্য কোনো গোষ্ঠীও হতে পারে। সত্যিকারভাবে কারও পক্ষে এটি নিশ্চিত করে বলা সম্ভব নয়।
গোয়েন্দা তথ্যের পরও বিষয়টি নিয়ে তাঁর এমন বক্তব্যের যৌক্তিকতা তুলে ধরতে তিনি টেনে আনেন ইরাক প্রসঙ্গ। তিনি বলেন, বাগদাদের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে বলে এর আগে তথ্য দিয়েছিল গোয়েন্দা সংস্থাগুলো, যা পরে মারাত্মক ভুল হিসেবে প্রমাণ হয়। অথচ তাদের এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে ২০০৩ সালে ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ভোটিং সিস্টেমে রুশ হ্যাকাররা অনুপ্রবেশ করেছিল বলে অভিযোগ ওঠে নির্বাচনের অব্যবহিত পরেই। নির্বাচনে ট্রাম্পকে বিজয়ী করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে দেশটির হ্যাকাররা কাজ করেছিল বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো পরিচালিত তদন্তেও বিষয়টির সত্যতা উঠে আসে। কিন্তু ওয়াশিংটন ও মস্কো বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
সংবাদ সম্মেলনে উঠে আসে উত্তর কোরিয়ার সঙ্গে সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনার বিষয়টিও। এ প্রসঙ্গে ট্রাম্প তাঁর পূর্ব উচ্চারিত হুশিয়ারিটিই পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে পরমাণু অস্ত্র অর্জনে উত্তর কোরিয়ার তৎপরতার বিপরীতে বৈশ্বিক ঐক্যের আহ্বানও করেছেন তিনি। প্রসঙ্গত, গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে উত্তর কোরিয়া দূরপাল্লার উপমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়, বিশেষজ্ঞদের মতে যা যুক্তরাষ্ট্রের আলাস্কা এমনকি মূল ভূখণ্ডেও আঘাত হানার ক্ষমতা রাখে। এ পরিপ্রেক্ষিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয় কোরীয় উপসাগরে। উত্তর কোরিয়ার এ পরমাণু শক্তি অর্জন ও এর ধারাবাহিক সম্প্রসারণকে যুক্তরাষ্ট্র একটি বৈশ্বিক হুমকি হিসেবে বর্ণনা করেছে ইতিমধ্যে। একই সঙ্গে উত্তর কোরিয়াকে নিরস্ত করতে উত্তর কোরিয়ার একমাত্র মিত্র দেশ চীনের প্রতি বিশেষভাবে আহ্বান জানান ট্রাম্প।
পোল্যান্ডে অবস্থানকালে আজ ট্রাম্পের একটি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এতে ‘সন্ত্রাসবাদের এ যুগে ইউরোপের টিকে থাকার সদিচ্ছা ও সন্ত্রাসবাদবিরোধী বৈশ্বিক ঐক্য স্থাপনে ইউরোপের ভূমিকা’র প্রসঙ্গ তুলে ধরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
পোল্যান্ড সফর শেষে ট্রাম্প জার্মানির হামবুর্গের উদ্দেশে যাত্রা করবেন, যেখানে তিনি বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন। আসন্ন এ জি-২০ বৈঠক চলাকালে ট্রাম্প-পুতিন বহুল প্রতীক্ষিত বৈঠক হওয়ার কথা রয়েছে। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপসহ বিদ্যমান বৈশ্বিক প্রেক্ষাপটে এ বৈঠকের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ববাসী। তবে বৈঠকে ঠিক কোনো কোনো বিষয় উঠে আসতে পারে তা সম্পর্কে এমনকি ট্রাম্পের সফরসঙ্গীরাও এখনো কিছু জানেন না বলে জানা গেছে।