হ্যাকিংয়ের ঘটনায় মার্কিন সেনাদের ওয়েবসাইট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাকিংয়ের ঘটনার পর মার্কিন সেনাবাহিনী সাময়িকভাবে তাদের ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, যেকোনো ধরনের তথ্য হ্যাক হওয়া রোধ করতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিতে সাময়িকভাবে সাইটটি বন্ধ করা হয়েছে।

প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক সিরিয়ান ইলেকট্রনিক আর্মি এই হ্যাকিংয়ের দায় স্বীকার করেছে। যদিও যুক্তরাষ্ট্রের সন্দেহের আঙুল ছিল চীনের দিকে। বেইজিং অভিযোগ অস্বীকার করে আগেই জানিয়ে দেয়, এর সঙ্গে তাদের জড়ানো ‘দায়িত্বজ্ঞানহীন’ কাজ।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জনসংযোগ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ম্যালকম ফ্রস্ট গতকাল সোমবার বলেন, সেনাবাহিনী যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। এ কারণে সাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

মার্কিন সরকার গত সপ্তাহে বলে, কম্পিউটার হ্যাকাররা তাদের কমপক্ষে ৪০ লাখ সাবেক ও বর্তমান কর্মীর ব্যক্তিগত তথ্য চুরি করেছে।

মার্কিন সরকারের কর্মী ব্যবস্থাপনা দপ্তর (ওপিএম) জানিয়েছে, গত এপ্রিল মাসে এই হ্যাকিংয়ের বিষয়টি ধরা পড়ে। প্রতিবছর যেসব নতুন কর্মী মার্কিন সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ পেয়ে থাকেন, তাঁদের অতীত ইতিহাস তদন্ত ও নিরাপত্তা ছাড়পত্র-সংক্রান্ত হাজার হাজার স্পর্শকাতর নথিপত্র দেখভাল করার দায়িত্ব ওপিএমের।

ওপিএম জানিয়েছে, কর্মীদের তথ্য আর যাতে এমন হ্যাকিংয়ের শিকার না হয়, সে জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। নতুন পদক্ষেপগুলোর মধ্যে থাকবে দূর থেকে তথ্যে প্রবেশে (রিমোট অ্যাকসেস) কড়াকড়ি আরোপ, ব্যবসায়িক সম্পৃক্ততা খতিয়ে দেখা এবং অ্যান্টি-ম্যালওয়ার সফটওয়্যার ব্যবহার।