হ্যাকিংয়ের পেছনে 'পুতিনের উদ্দেশ্য' প্রকাশ আগামী সপ্তাহে
যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, রাশিয়া কেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, তা আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেনারেল জেমস ক্ল্যাপার কংগ্রেসকে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য প্রকাশ করা হবে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নেতাদের ইমেইল হ্যাক করতে নির্দেশ দেয় ক্রেমলিন। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে আসছে। তারপরও যুক্তরাষ্ট্র রুশ কর্মকর্তাদের ওপর অবরোধ আরোপ করেছে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের ওপর বৃহস্পতিবার ওবামার কাছে একটি প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদনের ওপর নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুক্রবার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। গোপনীয় নয়—প্রতিবেদনের এমন একটি অংশ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।
শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সিনেট আর্মড সার্ভিসেস কমিটিকে নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়। ওই কমিটির মূল্যায়ন, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করার জন্য সহায়তা করতে মস্কো হস্তক্ষেপ করে।
মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের নেপথ্যে রুশ হ্যাকিংয়ের ভূমিকা ছিল। ওই হ্যাকাররা নাকি ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রচার কার্যক্রমের তথ্য চুরি করেছিল। এ ঘটনার পর প্রেসিডেন্ট বারাক ওবামা গত বৃহস্পতিবার ৩৫ জন রুশ গোয়েন্দাকে বহিষ্কার করেন।