হ্যাকিংয়ের প্রভাব পড়েনি নির্বাচনের ফলে: ট্রাম্প

হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গত শুক্রবার দেওয়া গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে বিজয়ী করার জন্য চেষ্টা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ নিয়ে ব্রিফিংয়ের পর ট্রাম্প রাশিয়ার ভূমিকার কথা সরাসরি স্বীকার না করে শুধু বলেছেন, হ্যাকিং নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেনি। তিনি তথ্যের সুরক্ষার ব্যাপারে ‘ব্যাপক অবহেলার’ জন্য উল্টো তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের দল ডেমোক্রেটিক পার্টিকেই দায়ী করেছেন।
সিনেটে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত শুনানিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার বলেন, ট্রাম্পকে জেতাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘নির্দেশেই’ দেশটির হ্যাকাররা মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির কম্পিউটার হ্যাক করেছিল। তিনি তখন বলেন, পুতিন কেন এ নির্বাচনে হস্তক্ষেপ করেছিলেন, তা আগামী সপ্তাহেই প্রকাশিত হবে। ওই শুনানির পরদিন শুক্রবার মার্কিন গোয়েন্দারা ট্রাম্পকে এ বিষয়ে বিস্তারিত বি৶ফ করেন। ব্রিফিং শেষে গোয়েন্দাপ্রধানদের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
গোয়েন্দাদের এই ব্রিফিংয়ের পর নিজের অবস্থান থেকে অনেকখানিই সরে এসেছেন ট্রাম্প। গতকাল শনিবার তিনি বলেছেন, ওই হ্যাকের ঘটনা প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি। গোয়েন্দাদের সঙ্গে তাঁর ‘ডিএনসির (ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি) দুর্বল প্রতিরক্ষাই’ হ্যাকিংয়ের একমাত্র কারণ হতে পারে বলে আলোচনা হয়েছে।
গোয়েন্দাদের অগোপনীয় শ্রেণিভুক্ত ২৫ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতে বিভিন্ন কার্যক্রমের ‘নির্দেশ’ দিয়েছিলেন। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে ট্রাম্পের প্রতি ‘সুস্পষ্ট পক্ষপাতমূলক’ অবস্থান গড়ে উঠেছিল। রাশিয়ার উদ্দেশ্য ছিল মার্কিন গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা নষ্ট করা এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে হেয়প্রতিপন্ন করা, যাতে তাঁর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়।
প্রতিবেদনের অগোপনীয় সংস্করণে পুতিনের কথিত ভূমিকার কোনো বিশদ প্রমাণের উল্লেখ নেই। তবে এতে বলা হয়েছে, রাশিয়ার কার্যকলাপের মধ্যে আছে ডিএনসি ও ডেমোক্রেটিক দলের শীর্ষ নেতাদের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করা, উইকিলিকস, ডিসিলিকসডটকম ও গুসিফার ২.০-এর মতো মধ্যবর্তী পক্ষকে ব্যবহার করে হ্যাকিংয়ের মাধ্যমে পাওয়া তথ্য প্রচার, রাষ্ট্রীয় অর্থে পরিচালিত প্রচারণাকে কাজে লাগানো এবং আজেবাজে মন্তব্য করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অর্থ দেওয়া।
গোয়েন্দাদের প্রতিবেদনে প্রেসিডেন্ট পুতিনের ট্রাম্পভক্তির কারণ হিসেবে বলা হয়েছে, নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প রাশিয়ার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। তিনি একবার বলেন, ‘এমনকি পুতিনও বারাক ওবামার চেয়ে ভালো নেতা।’ অন্যদিকে ২০১১ ও ২০১২ সালের প্রথম দিকে রাশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের জন্য পুতিন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকেই দায়ী বলে মনে করেন।
গত ৮ নভেম্বরের নির্বাচনের কিছুদিন পরই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থাসহ (এফবিআই) কয়েকটি গোয়েন্দা সংস্থা অভিযোগ তোলে, ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির (ডিএনসি) কম্পিউটার হ্যাকের জন্য ‘রুশ’ হ্যাকাররা দায়ী এবং স্বয়ং পুতিনের নির্দেশেই তা করা হয়। কিন্তু শুরু থেকেই এই অভিযোগ উড়িয়ে দিচ্ছিলেন ট্রাম্প।
রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মার্কিন গোয়েন্দাদের এই প্রতিবেদনের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে এর আগে হ্যাকিংয়ের অভিযোগ প্রত্যাখ্যান করেছিল মস্কো। নির্বাচনে কলকাঠি নাড়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দেয়। রাশিয়া এর পাল্টা কোনো ব্যবস্থা নেয়নি।
কানাডায় মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কানাডায় মার্কিন রাষ্ট্রদূত ব্রুস হেইম্যান গত শুক্রবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের ক্ষমতা হস্তান্তরকালীন দলের পক্ষ থেকে জারি করা এক আদেশের পর ওবামা প্রশাসনের সময় রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদের মধ্যে তিনিই প্রথম পদত্যাগ করলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তারবার্তার মাধ্যমে জারি করা ওই আদেশে বলা হয়, ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেকের আগে পৃথিবীর বিভিন্ন দেশে ওবামার সময় রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতদের পদ থেকে সরে দাঁড়াতে হবে।
টুইটারে ব্রুস হেইম্যান লেখেন, ‘অনুরোধ অনুযায়ী আমি কানাডায় মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে পদত্যাগ করেছি, যা ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে।’