হ্যাম্পশায়ারের পর শুরু হয়েছে নতুন লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়নের লড়াইয়ে নিউ হ্যাম্পশায়ারের বাছাইপর্বের পর শুরু হয়েছে নতুন লড়াই। ডেমোক্র্যাট দলের আলোচিত প্রার্থী বার্নি স্যান্ডার্স ছুটছেন কৃষ্ণাঙ্গ ও অভিবাসীদের কাছে। হিলারি ক্লিনটন চাইছেন তরুণ ভোটারদের কাছে টানতে। রিপাবলিকান দলের এক সময়ের তারকা প্রার্থী ক্রিস ক্রিস্টি বাড়ি ফিরে গেছেন। শুধু ক্রিস্টি নন, এ দলটির একমাত্র নারী প্রার্থী কার্লি ফিওরিনাও সরে দাঁড়ালেন নির্বাচনী দৌড় থেকে। বাছাইপর্বের এ পর্যায়ে আমেরিকার চলমান রাজনীতিতে উভয় দলের বিপরীত অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠেছে।

নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিশাল বিজয় তাঁর রক্ষণশীলতাকে আরও উসকে দেবে। নিকটতম প্রার্থী জন কেইসিক মধ্যপন্থী হিসেবে পরিচিত হলেও মনোনয়ন প্রাপ্তির দৌড়ে তাঁর এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আইওয়া ককাসের পর আলোচনায় থাকা টেড ক্রুজ নিজেকে ট্রাম্পের চেয়ে রক্ষণশীল প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রিপাবলিকান দলের প্রভাবশালীদের প্রিয় জেব বুশ ও মার্কো রুবিও ঠিক কতটা আলোড়ন করতে পারবেন, এ নিয়ে সন্দেহ তাড়া করছে দলটির মধ্যে।

নিউ হ্যাম্পশায়ারে জনমত জরিপে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন পিছিয়ে ছিলেন। তারপর বার্নি স্যান্ডার্সের কাছে তাঁর ভরাডুবি ভাবিয়ে তুলেছে দলকে। যুক্তরাষ্ট্রের প্রাতিষ্ঠানিক রাজনীতির তারকা প্রার্থী হিলারি ক্লিনটনকেই শেষ পর্যন্ত ডেমোক্র্যাট দলের প্রার্থী মনে করা হচ্ছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এমন ধারণা পোষণকারীদের নতুন করে ভাবতে হচ্ছে এখন।

পুঁজিবাদের তীর্থস্থানে দাঁড়িয়ে বার্নি স্যান্ডার্স নিজেকে সামাজিক সমাজতান্ত্রিক হিসেবে ঘোষণা দিয়েছেন। সামাজিক ন্যায়বিচার ও ধনী-গরিবের ফারাক কমিয়ে আনতে তাঁর উদারনৈতিক আহ্বান তরুণদের ব্যাপকভাবে আকৃষ্ট করছে। হিলারির বিশাল বাজেটের নির্বাচনী তহবিল এবং নাম পরিচিতির ব্যাপকতার মধ্যে বার্নি স্যান্ডার্স যে চ্যালেঞ্জ নিয়ে এসেছেন, তা কোথায় গিয়ে ঠেকবে—তা এখন দেখার বিষয়।

নিউ হাম্পশায়ারে বিজয়ের পর বার্নি স্যান্ডার্স বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াল স্ট্রিট থেকে ওয়াশিংটনে বার্তা পৌঁছে দিতে চাই। আমরা জানিয়ে দিতে চাই, সরকার কেবল শুধু ধনীদের জন্য নয়, এ দেশের সরকার আপামর জনতার।’
তরুণ ডেমোক্র্যাটদের কাছে স্যান্ডার্স তাঁর জনপ্রিয়তা দেখাতে সক্ষম হয়েছেন। তবে ভোটব্যাংক হিসেবে পরিচিত কৃষ্ণাঙ্গ এবং অভিবাসীদের কাছে বার্নি এখনো তাঁর প্রভাব দেখাতে পারেননি। নিউ হ্যাম্পশায়ারের বাছাইপর্বের পরই বার্নি স্যান্ডার্স ছুটে গেছেন সাউথ ক্যারোলাইনার বদলে নিউইয়র্কের হারলেমে। প্রভাবশালী কৃষ্ণাঙ্গ নেতা, নাগরিক আন্দোলনের সংগঠক আল সার্প্টনের সঙ্গে দেখা করেছেন। কৃষ্ণাঙ্গ-অধ্যুষিত হারলেমে কৃষ্ণাঙ্গ সমর্থকদের সঙ্গে কথা বলেছেন। নারী ভোটারদেরও ব্যাপকভাবে আকৃষ্ট করতেও সক্ষম হচ্ছেন বার্নি স্যান্ডার্স।

ফেব্রুয়ারি মাসেই সাউথ ক্যারোলাইনা এবং নাভাদায় বাছাইপর্ব হবে। এর মধ্য দিয়ে ডেমোক্র্যাট দলের প্রার্থিতা স্পষ্ট হবে বলে মনে করার কোনো কারণ নেই। কেননা মার্চে যখন একসঙ্গে অনেকগুলো রাজ্যে বাছাইপর্ব হবে, তখনই দেখা যাবে কে কতটা পেরে উঠছেন।

অপরদিকে দলের মূলধারায় না থাকা রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প সত্যিকারের মনোনয়ন পেয়ে যাবেন, দলটির প্রকৃত সমর্থকদের এটি কাম্য নয়। সম্প্রতি নানা কারণে পশ্চিমা বিশ্বে রক্ষণশীলতার যে উসকানি দেখা দিয়েছে, তাঁকে পুঁজি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বিদ্বেষ এবং ডানপন্থীদের হতাশাকে উসকে দিয়ে ভোটের বাজারের সওদাগর সেজেছেন। নিউ হ্যাম্পশায়ারের বাছাইপর্বে খাঁটি রিপাবলিকানদের প্রিয়জনদের ভরাডুবি ঘটেছে। জেব বুশ ভালো করেননি, মার্কো রুবিও তাঁর শেষ বিতর্কের পর সব চমক হারিয়েছেন। বিশাল বাজেটের প্রচার চালিয়েও জেব বুশ নিউ হ্যাম্পশায়ারে কোনো জাগরণ ঘটাতে পারেননি। জন ক্যাসিচ দ্বিতীয় অবস্থানে আসায় রিপাবলিকানদের অবস্থান আরও গোলমেলে হয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প এখন সাউথ ক্যারোলাইনায় জোর প্রচার শুরু করেছেন। টেড ক্রুজকে হামলা করে তাঁর টিভি বিজ্ঞাপন প্রচার শুরু করেন গত বুধবার থেকেই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাছাইপর্ব নিয়ে সাম্প্রতিক সময়ে এমন সন্দেহ এবং সংশয় আর হয়নি। উভয় দলই এখনো কোনো শক্ত অবস্থানে নেই। কট্টর ডান আর কট্টর বামের সংঘাতে এখনো বিভ্রান্ত সাধারণ মানুষ। আগামী মাসের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থিতা ঘোষণা করতে পারেন। জনপ্রিয় ধনকুবের মাইকেল ব্লুমবার্গ নিজের প্রার্থিতা ঘোষণা করলে, নতুন করে চাঞ্চল্য দেখা দেবে। তবে যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের বাইরে তৃতীয় কোনো প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে পারবেন—এমন কথা এখনই বিশ্বাস করা কঠিন।