হ্যারি-মেগানের ঘরে আসছে নতুন অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরে নতুন অতিথি আসছে—এই খবর জানাতে হ্যারি ও মেগান একটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন
ছবি: মিসান হ্যারিম্যান

ডিউক ও ডাচেস অব সাসেক্স দম্পতির ঘরে আরেকজন নতুন অতিথি আসছে। তাঁরা দ্বিতীয় সন্তানের বাবা–মা হতে যাচ্ছেন। এই দম্পতির মুখপাত্র এ কথা জানিয়েছেন। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

হ্যারি ও মেগান যে দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন, সে ঘোষণা আসে বিশ্ব ভালোবাসা দিবসে। এই দম্পতির মুখপাত্র বলেন, দ্বিতীয় সন্তানের আসছে—এই খবরে হ্যারি ও মেগান অত্যন্ত আনন্দিত।

হ্যারি ও মেগানের প্রথম সন্তানের নাম আর্চি। ২০১৯ সালের ৬ মে এই ছেলেসন্তানের জন্ম হয়।

হ্যারি-মেগান দম্পতির মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি, আর্চি বড় ভাই হতে যাচ্ছে।’

আর্চির ভাই বা বোনকে স্বাগত জানাতে বাবা-মা হ্যারি ও মেগান প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তাঁদের মুখপাত্র।

বাকিংহাম প্যালেসের মুখপাত্র বলেছেন, রানি দ্বিতীয় এলিজাবেথসহ যুক্তরাজ্যের পুরো রাজপরিবার এই খবরে আনন্দিত। রাজপরিবার হ্যারি-মেগান দম্পতিকে শুভকামনা জানিয়েছে।

হ্যারি ও মেগানের যে সন্তান আসছে, সে যুক্তরাজ্যের রাজসিংহাসনের উত্তরাধিকারের ক্রমে আট নম্বরে থাকবে।

ঠিক কবে মেগান সন্তান জন্ম দিতে যাচ্ছেন, তার সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

ঘরে নতুন অতিথি আসছে—এই খবর জানাতে হ্যারি ও মেগান তাঁদের একটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন।

ছবিটি তুলেছেন ডিউক ও ডাচেস অব সাসেক্সের বন্ধু মিসান হ্যারিম্যান। ছবিটি তুলতে পেরে তিনি গর্বিত বলে জানান। একই সঙ্গে এই আনন্দের খবরে ডিউক ও ডাচেস অব সাসেক্সকে অভিনন্দন জানান তিনি।

ছবিটিতে দেখা যায়, হ্যারি ও মেগান একটি গাছের নিচে অবস্থান করছেন। হ্যারির পায়ে মাথা রেখে ঘাসের ওপর শুয়ে আছেন মেগান। তাঁর মাথায় হাত রেখেছেন হ্যারি। ছবিতে মেগানের গর্ভধারণের বিষয়টি স্পষ্ট।

গত বছরের নভেম্বরে মেগান জানিয়েছিলেন, একই বছরের জুলাইয়ে তাঁর গর্ভপাত হয়। এ ঘটনা নিয়ে তিনি তাঁর কষ্টের অনুভূতি লিখে জানান। তিনি বলেছিলেন, গর্ভপাতের এ ঘটনা ছিল তাঁর জন্য অসহনীয় শোকের বিষয়।

২০১৮ সালের মে মাসে উইন্ডসর ক্যাসেলে হ্যারি ও মেগান বিয়ে করেন।

২০২০ সালের মার্চে হ্যারি ও মেগান তাঁদের রাজকীয় দায়িত্ব ত্যাগ করেন। এখন তাঁরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।