হ্যাশট্যাগ লাভ ইউ নিউইয়র্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যখন এই লেখাটি লিখছি তখন চারপাশ ঘন অন্ধকারে ঢেকে আছে। ঘরের জানালা দিয়ে বাইরে তাকাতেও যেন ভয়। অন্ধকার কখনো এত তীব্র হয়, দেখিনি! রাতের এই সময়টাতেও অনেক মানুষের আনাগোনা থাকার কথা। কিন্তু যখন লেখাটি লিখছি, তখন যেন কোথাও কেউ নেই। কেবল হঠাৎ বুকের মধ্যে কাঁপন তুলে দু-একটি অ্যাম্বুলেন্সের যাওয়া-আসার শব্দ কানে আসছে। বাইরের অন্ধকার এমনি, যেন চোখ খুলে রাখা কিংবা বন্ধ রাখা দুটিই সমান।

এমন পরিস্থিতিতে হঠাৎ করেই কেন জানি আর ‘ভয়’ লাগছে না। বরং চিৎকার করে বলতে ইচ্ছে করছে ‘ভালোবাসি নিউইয়র্ক’ তবুও ভালোবাসি প্রাণের শহর। এই শহরে, এই মৃত্যু উপত্যকায় এখন আমার বসবাস। জানি, রহস্যময় একটি ভাইরাস থামিয়ে দিয়েছে নিউইয়র্কের প্রাণচঞ্চল জনজীবন। এ যেন এক রূপকথার গল্প। বাস্তবে এর আগে যা দেখা হয়নি কখনো। পৃথিবীর রাজধানী বলা হয় যে নিউইয়র্ককে, যে শহর মানুষে মানুষে ঠাসা, পৃথিবীর প্রতিটি দেশের অন্তত একজন হলেও মানুষের বাস যে শহরে; সেই শহর হঠাৎ করে এমন নীরব নিথর হয়ে গেল! ভাবতে অদ্ভুত লাগে।

নিয়ন আলোয় ভুতুড়ে এক একটি রাস্তা। সভ্যতার সমৃদ্ধির উজ্জ্বলতম সময়েও এমন চিত্র যেন কল্পনার বাইরে। কেবল মানুষের মৃত্যুর মিছিল। মানুষকে সমাহিত করার জন্য এমনকি খুঁড়তে হচ্ছে গণকবরও। গ্যাসের হার্ট আইল্যান্ডে খোঁড়া গণকবরে নামানো হচ্ছে সারি সারি লাশের কফিন। কারণ, করোনাভাইরাসে সংক্রমিত এবং মৃত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এই শহরে। অবস্থা এমন যে, গোটা যুক্তরাষ্ট্রে মারা যাওয়া ব্যক্তিদের অর্ধেকই নিউইয়র্কের মানুষ। মারা যাচ্ছে সব দেশি। সবাই আমেরিকান। করোনা কোন রাজা-উজির-ভৃত্য চেনে না। কার শরীরের কী রঙ, করোনা চেনে না। মারা যাচ্ছে প্রবাসী প্রিয় ভাইটি; মারা যাচ্ছে অন্য কোন আমেরিকান; হয়তো তারও এই শহরটাকে নিয়ে গর্বের শেষ ছিল না।

বিপুলসংখ্যক মানুষকে একসঙ্গে স্বাস্থ্যসেবা দিতে হয়, এমন দৃশ্য পৃথিবীর কোথাও চেনা নয়। অদৃশ্য আততায়ীর বিরুদ্ধে এ এক অন্য লড়াই। অসংখ্য ডাক্তার, নার্স অবসর ভেঙে এগিয়ে এসেছেন। অন্য স্টেট থেকে বিমান বোঝাই করে অনেক ডাক্তার ও নার্স আসছেন নিউইয়র্কের পাশে দাঁড়াতে। আর এটাই তো আমেরিকার সৌন্দর্য!

যাদের বাইরে না গেলে চলে, নিয়ম মেনে তারা নিজেদের বন্দী রাখছেন এই শহরে। যারা বের হচ্ছেন, এমন দুর্যোগে তারা ঠিকই রাস্তায় নিয়মের মধ্যেই গাড়ি চালাচ্ছেন। কোন অঘটনে এখনো দ্রুত পুলিশ চলে আসছে। দূরত্ব মেনে লম্বা লাইনে দাঁড়িয়ে মুখ ঢেকে প্রয়োজনীয় ওষুধ কিংবা খাবার কিনছেন মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো হতে দেখিনি এখনো। কেউ তো কারও খাবার ছিনিয়ে নিচ্ছে না! প্রতিটি মানুষ হৃদয় দিয়ে এই লড়াইয়ে যুক্ত। ‘প্রস্তুতির’ অভাবের শুরুর দিককার অভিযোগ কাটিয়ে উঠে, প্রশাসনও চেষ্টা চালাচ্ছে। জীবন বাঁচানোর এই যুদ্ধে সবাই আছে।

করোনা রোগীতে ভর্তি হাসপাতালগুলো। সাধারণ অন্য জরুরি চিকিৎসায় নগরের মানুষ কী করবে, বিনা চিকিৎসায় মারা যাবে! তাতো হতে পারে না। তাই ছুটে এসেছে জাহাজ হসপিটাল ইউএসএনএস কমফোর্ট। পৃথিবী বিখ্যাত জ্যাকব জেভিট কনভেনশন সেন্টার হয়ে গেছে হাসপাতাল। মনোরম সেন্ট্রাল পার্কে গেলেও দেখবেন চিকিৎসা দেওয়ার সব ব্যবস্থা সেখানে করা হয়েছে।

চিকিৎসা সামগ্রীর অপ্রতুলতা আছে। ঘাতকের চরিত্র ও চিকিৎসা এখনো জানা নেই। এরপরও ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা জানবাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন। কারও মধ্যে পালিয়ে যাওয়ার কোন তাড়া নেই। এত এত লাশের মিছিলে এরপরও তারা দাঁড়িয়ে আছেন। পরম মমতা আর আত্মবিশ্বাসের ছোঁয়ায় তারা যেন বলছেন, ‘এই মৃত্যুপুরীতে তুমি তো একা নও’।

আমেরিকার সেনাবাহিনী, পুলিশ, জরুরি সেবাদানকারী মানুষগুলো জীবনকে সংশয়ে ফেলে দিনরাত কাজ করছেন। তাদের মধ্যে অনেকে প্রাণ হারিয়েছেন। তবুও কারও মধ্যে দেশপ্রেম ও মানবপ্রেমের এতটুকু ঘাটতি দেখছি না। এমনকি যে মানুষগুলোর প্রতিদিনের আবর্জনা নিয়ে যাওয়ার কথা, দায়িত্ব ভুলছেন না তারাও। ধনী মানুষ, করপোরেট প্রতিষ্ঠানগুলো হাত গুটিয়ে বসে নেই। বিজ্ঞানীরা প্রতিষেধক ও ওষুধ তৈরির প্রাণান্ত চেষ্টায় আছেন।

অনেক ডাক্তার ও স্বাস্থ্যকর্মীও আক্রান্ত হয়ে পড়ছেন। মারাও যাচ্ছেন। কর্নেলিয়া গ্রিগস নামে নিউইয়র্কের একটি হাসপাতালের একজন চিকিৎসক তার অবুঝ সন্তানদের উদ্দেশ্যে কয়েক দিন আগে একটি টুইট করেছেন। অত্যন্ত আবেগঘন ভাষায় তিনি লিখেছেন, ‘যদি আমার সন্তানেরা আমাকে হারায়, তাহলে অন্তত বড় হয়ে তারা জানবে, তাদের মা মানুষকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন’।

ডা. গ্রিগস চোখে জল এসে গেল। বারবার এই জলে ভেজা চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। আপনারা আছেন। অসংখ্য মানুষ মারা যাচ্ছে জেনেও, আমি মনোবল হারাতে চাই না। যুদ্ধ তো চলছে! হারি-জিতি, ‘তবুও নিউইয়র্ক তোমাকেই ভালোবাসি’। এখনো বেঁচে আছি এই শহরে। সামনে অনিশ্চয়তা। এই শহরটি বেঁচে যাবে, এমন আশায় লড়ছে। সেই লড়াইয়ে আমিও আছি। আছে আমার ছোট্ট পরিবার। সবার প্রতি আহ্বান, মৃত্যুপুরীতে পরিণত হওয়া নিউইয়র্কের প্রতি চলুন ভালোবাসার প্রকাশ ঘটাই। যারা লড়ছেন, যারা আক্রান্ত, যারা ঘরে বন্দী; সবার প্রতি ভালোবাসা জানিয়ে, সবার মনে সাহস জোগাতে, ফেসবুকে একযোগে ‘হ্যাশট্যাগ লাভ ইউ নিউইয়র্ক’ (#LoveYouNewYork) লিখি। আমার আহ্বানে এরই মধ্যে অনেকে এগিয়ে এসেছেন। লিখতে শুরু করেছেন। আপনিও লিখুন। চলুন মানুষের পাশে দাঁড়াই, মানবতার পাশে দাঁড়াই। চলুন নিউইয়র্কের পাশে দাঁড়াই। এটা প্রতীকী। আসলে চলুন দাঁড়াই গোটা পৃথিবীর পাশে।