মসুল পুনর্দখলের প্রায় এক মাস পর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে থাকা তেল আফার শহর পুনর্দখল করতে গতকাল রোববার স্থল অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এ ঘোষণা দিয়েছেন।
গতকাল টেলিভিশন ভাষণে হায়দার আল-আবাদি বলেন, তেল আফার শহর স্বাধীন হবে। আইএসের উদ্দেশে তিনি বলেন, ‘আত্মসমর্পণ অথবা মৃত্যু’—এই দুটির একটি পথই তাদের জন্য খোলা রয়েছে। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল আইএসের কাছ থেকে গত মাসে পুনর্দখলের পর তেল আফার ও এর আশপাশের এলাকাই দেশটিতে জঙ্গিগোষ্ঠীটির নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ এলাকা। শহরটির অবস্থান সিরিয়া সীমান্তের প্রায় ১৫০ কিলোমিটার পূর্বে। তেল আফার পুনর্দখলে ইতিমধ্যে বিমান হামলা শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট। তেল আফার অভিযানে বড় ভূমিকা রাখায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছ ইরাকের বেশির ভাগ শিয়া যোদ্ধা। কিন্তু তারা মসুল অভিযানে যোগ দেয়নি। ফলে সুন্নিপ্রধান আইএসের বিরুদ্ধে শিয়া যোদ্ধাদের অংশগ্রহণে সাম্প্রদায়িক ও আঞ্চলিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।