হয়ে গেল যুক্তরাষ্ট্র উদীচীর হেমন্ত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান, নাচে পালন করা হয় যুক্তরাষ্ট্র উদীচীর হেমন্ত উৎসব
গান, নাচে পালন করা হয় যুক্তরাষ্ট্র উদীচীর হেমন্ত উৎসব

‘জঙ্গিবাদ নিপাত যাক, বাড়িয়ে দাও সম্প্রীতির হাত’—স্লোগানকে সামনে রেখে ১১ ও ১২ জ্যাকসন হাইটসের আই. এস ২৩০তে অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাষ্ট্র উদীচীর হেমন্ত উৎসব ১৪২৪ ও মেলা। গান, নাচ, আবৃত্তি আলোচনা ও সংবর্ধনায় নিউইয়র্ক নগরের শীতানুভূতির ভেতরে যেন নেমে এসেছিল বাংলার হেমন্ত।
২ দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে শীতার্ত সকাল ১১টায় সুব্রত বিশ্বাসের ব্যবস্থাপনায় শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উদীচীর স্টলে ছিল পিঠা উৎসব। অন্যদিকে ১২টায় মূল মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলা লিখন, বাংলা পঠন, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই পর্বে বিচারক ছিলেন কাজী জহিরুল ইসলাম এবং মনিজা রহমান।
বিকেল তিনটায় ছিল ‘বাংলাদেশের সমকালীন রাজনৈতিক পরিস্থিতি, করণীয়’ বিষয়ে সেমিনার। সুব্রত বিশ্বাসের সঞ্চালনায় এতে অংশগ্রহণ করেন সৈয়দ মোহাম্মদউল্লাহ, বেলাল বেগ ও ফজলুর রহমান। বিকেল ৪টায় শিল্পী সুবীর নন্দী উদ্বোধন করেন মূল অনুষ্ঠানমালা। এই পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. আবদুল্লাহ। উদীচীর একঝাঁক শিল্পী যৌথকণ্ঠে একে একে পরিবেশন করেন, ‘আমরা যে এক ঝাঁক পায়রা’, ‘আমরা সবাই রাজা’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’—এসব গান। এর পরে পরিবেশিত হয় লাকী খানের পরিচালনায় ছোটদের একটি নৃত্য। পরের পরিবেশনা ছিল শফী চৌধুরী হারুনের পরিচালনায় ছোটদের তিনটি গান। উদীচী শিল্পী গোষ্ঠীর নিজস্ব শিল্পী জয়ন্তী ভট্টাচার্য, দিব্য রায়, সংগীতা চক্রবর্তী, নাজমুন নাহার কাকলী, অনামিকা মজুমদার এরপর পরিবেশন করেন একটি করে গান। পরের পরিবেশনা তপন মোদকের পরিচালনায় দীপ্ত রায়, অনির্বাণ রায়, অনীক মণ্ডল, দুর্জয় রায়, সৃজয় রায়, অর্জুন মল্লিক, অশোক ধর, রাজদীপ বণিক, প্রতীক মোদক, অভিজিৎ বিশ্বাসের গান এবং ইথাজ ইসলামের তবলা বাদন। এক ফাঁকে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান।
সন্ধ্যা ছয়টায় ছিল ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এহসানের সংক্ষিপ্ত উদ্বুদ্ধকরণ বক্তব্য। তিনি তাঁর বক্তব্যে স্কুলপড়ুয়াদের উদ্বুদ্ধ করেন তারা যেন তাদের নিজেদের উপার্জনে বাংলাদেশের শিশুদের লেখাপড়ার খরচ জোগায়। তিনি বলেন, এর মধ্য দিয়ে শিশুরা মানবিক ও দায়িত্বশীল হয়ে উঠবে। এরপরে লাকী খানের পরিচালনায় পরিবেশিত হয় বড়দের নৃত্য। সন্ধ্যা সাড়ে ছয়টায় জীবন বিশ্বাসের পরিচালনায় একে একে সংগীত পরিবেশন করেন উদীচীর নিজস্ব শিল্পীরা। যাঁরা গান করেন তাঁরা হলেন জীবন বিশ্বাস, দিব্য রায়, সুদৃতা পাল সুলেখা, সংগীতা চক্রবর্তী, নাজমুন্নাহার কাকলী, জয়ন্তী ভট্টাচার্য, অনামিকা মজুমদার, শাহানা আকতার নূপুর, রাবেয়া আক্তার, সুক্তি বিশ্বাস ও নাজনীন করিম।
এরপর ফারুক ফয়সলের সঞ্চালনায় আবৃত্তি পরিবেশন করেন সেমন্তী ওয়াহেদ, মিজানুর রহমান বিপ্লব, শাহরিয়ার তৈমুর ও ফারুক ফয়সল। ‍ সন্ধ্যা সাড়ে সাতটায় ছিল দিনের শেষ আকর্ষণ দুলাল ভৌমিকের একক সংগীত পরিবেশনা। দিন শেষের এই পর্বটিতে শিল্পী সম্পর্কে শিল্পী সম্পর্কে মূল্যয়নধর্মী বক্তব্য উপস্থাপন করেন কৌশিক আহমেদ।
দ্বিতীয় দিন সকাল এগারোটায় দিনের কার্যক্রম শুরু হয় তবলা, নাচ ও গান প্রতিযোগিতা দিয়ে। এই প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যক্ষ জীবন বিশ্বাস এবং নৃত্যশিক্ষক লাকী খান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার দিতে দিতে কিছুটা দেরি হয়ে যায়। ফলে ফারুক ফয়সলের সঞ্চালনায় কবি সাহিত্যিকদের আড্ডাটি অনুষ্ঠিত হয় বিরতির সময়টুকুও আত্মসাৎ করে। আড্ডা পর্বে অংশ নেন মাহবুব হাসান, সিরাজুল ইসলাম, শামসাদ হুসাম, শামস আল মমীন, তমিজ উদ্দীন লোদী, শাহ আলম দুলাল, আহমাদ মাযহার, কাজী জহিরুল ইসলাম, সুবক্তগীন সাকী, জুলি রহমান, রওশন হাসান, মনিজা রহমান, মাকসুদা খানম ও ছন্দা বিনতে সুলতান। হেমন্ত এবং কবিতার সমকালীনতা হয়ে উঠেছিল আড্ডার বিষয়।
দিনের দ্বিতীয়ার্ধের উদ্বোধনী দুটি গানের পর ছিল সুবীর নন্দী ও ড. মোহাম্মদ আবদুল্লাহ’র শুভেচ্ছা বক্তব্য। এরপর পুরস্কার বিতরণী। পরের পর্বটি ছিল গুণীজন সংবর্ধনার। সংবর্ধনা দেয়া হয় মুত্তালিব বিশ্বাস, সৈয়দ মোহাম্মদউল্লাহকে।
এরপর একক সংগীত পরিবেশন করেন তানভীর শাহীন। মোট তিনটি গান গেয়েছেন তিনি। এর মধ্যে একটি ছিল দেশের গান; অন্যগুলো আধুনিক। উদীচীর শিল্পীদের গণসংগীত ছিল পরের পরিবেশনা। পরের পর্বে ছিল ফারুক ফয়সলের সঞ্চালনায় আবৃত্তি অনুষ্ঠান। এতে আবৃত্তি করেন শরফুজ্জামান মুকুল, নজরুল কবীর, ক্লারা রোজারিও এবং ফারুক ফয়সল। মুত্তালিব বিশ্বাস, শফী চৌধুরী হারুন ও জীবন বিশ্বাস পরিবেশন করেন হাজার বছরের গান পর্বের কয়েকটি গান। গান ছাড়াও এই সময়খণ্ডের গীতিকবিতা চর্যাপদ এবং বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তনের বংশী অংশ থেকে আবৃত্তি করেন ফারুক ফয়সল।
দিনের সর্বশেষ আকর্ষণ ছিল সৈয়দ আবদুল হাদী ও তাঁর কন্যা তনিমা হাদীর গান। শুধু গান নয় গানের ফাঁকে ফাঁকে তাঁরা, বিশেষ করে সৈয়দ আবদুল হাদী কথা বলেছেন গান সম্পর্কে। টেলিভিশনে সৈয়দ আবদুল হাদী যে আদলে কথা আর গানের পসরা নিয়ে হাজির হন সেই আদলে এই পর্বটির নাম দেয়া হয়েছে ‘কিছু কথা কিছু গান’।