১ এপ্রিল পর্যন্ত ভিসা কার্যক্রম স্থগিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে অধিকাংশ দেশের ভিসা সার্ভিস বাতিল করতে যাচ্ছে আমেরিকা। ১৮ মার্চ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।
বিশ্বব্যাপী বিভিন্ন দেশের দূতাবাস ও কনস্যুলেটে ২০২০ সালের ১৮ মার্চ পর্যন্ত সব নিয়মিত অভিবাসী ও অ-অভিবাসীর ভিসার সাক্ষাৎকার সূচি বাতিল করা হবে। তবে এই বিধিনিষেধ থেকে কোন কোন দেশ নিষ্কৃতি পাবে, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, করোনাভাইরাস মোকাবিলার জোর চেষ্টার অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন ইমিগ্রেশন বিভাগ সব সাক্ষাৎকার স্থগিত রেখেছে। আমেরিকা সরকারের নাগরিকত্ব ও অভিবাসন বিষয়ক সংস্থা ইউএসসিআইএস। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এ বিভাগটির নানা স্বাভাবিক কর্মকাণ্ড স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় ইতিমধ্যে সব ব্যক্তিগত সাক্ষাৎকার, নাগরিকত্ব প্রদান অনুষ্ঠান ইত্যাদি প্রত্যাহার করে নিয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। এই প্রত্যাহার কার্যকর হচ্ছে ১৭ মার্চ এবং চলবে কমপক্ষে ১ এপ্রিল পর্যন্ত। এতে এজেন্সির সব ফিল্ড অফিস, এর আওতাধীন সব শরণার্থীশিবির এবং প্রত্যেকটি আবেদন সাহায্যকেন্দ্র অন্তর্ভুক্ত। 

এজেন্সি মুখপাত্র জানান, আমাদের অফিসগুলোতে কর্মচারীরা এখনো কাজ করবেন। তবে ব্যক্তি যোগাযোগ পর্যায়ের সব সাক্ষাৎকার বাতিল করা হয়েছে।
ইমিগ্রেশন সংক্রান্ত এই বিভাগটি আমেরিকার পুরো বৈধ অভিবাসন পদ্ধতি পরিচালনা করে থাকে। যে পদ্ধতির মধ্যে গ্রিনকার্ড, ন্যাচারালাইজেশন, রাজনৈতিক এবং রিফিউজি আশ্রয় প্রক্রিয়াকরণ অন্তর্ভুক্ত। এর মাধ্যমে ন্যাচারালাইজেশনের অনুষ্ঠানও সম্পন্ন হয়ে থাকে। ফিল্ড অফিস থেকে নোটিশ পাঠিয়ে নির্ধারিত সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন, ন্যাচারালাইজের অনুষ্ঠানও বাতিল করা হবে।