১০ জনে একজন যাত্রী বিমানবন্দরে যৌন সংসর্গ করেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বিমানে ওঠার আগে প্রতি ১০ জন যাত্রীর মধ্যে একজন বিমানবন্দরে যৌন সংসর্গ করেন। আর মোট যাত্রীর প্রায় ৮ শতাংশ যাত্রী বিমানেই এ ঘটনা ঘটান। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অনলাইন পর্যটন ও ফ্লাইট শপিং ওয়েবসাইট জেটকস্ট (US.Jetcost.com) এ গবেষণা করেছে। দুই বছর ধরে বিমানে চলাচলকারী ৪ হাজার ৯১৫ জন বিমানযাত্রীর ওপর জরিপ চালিয়ে এ গবেষণা করা হয়।

গবেষণায় বলা হয়েছে, প্রতি ১০ জন যাত্রীর মধ্যে একজন যৌন সংসর্গ করা যাত্রীদের মধ্যে ৮ শতাংশ মাইল হাই ক্লাবের সদস্য। যাঁরা চলন্ত বিমানেই যৌন সংসর্গ করেন। ৪২ শতাংশ যাত্রী প্রসাধন কক্ষে আর ২৮ শতাংশ যাত্রী আসবাবের পেছনের ফাঁকা জায়গায় সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে যৌন সংসর্গ করেন। আর ১৪ শতাংশ যাত্রী নিজেদের লম্বা কাপড়ের আড়ালে যৌন সংসর্গ করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বিমান উড্ডয়নের আগে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ১২ শতাংশ যাত্রী যৌন সম্পর্ক করেন। আর ১৭ শতাংশ যাত্রী দাবি করেছেন, যৌন সম্পর্ক করার সময় তাঁরা বিমানবন্দরের কর্মীদের কাছে হাতেনাতে পাকড়াও হয়েছেন।

গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, বিমানবন্দরে যাত্রীদের অনেকক্ষণ অপেক্ষায় থাকতে হয়। এ ছাড়া গন্তব্যে পৌঁছাতে বিমানে দীর্ঘ সময় তাঁদের বসে থাকতে হয়। জরিপ চালানো যাত্রীদের মধ্যে এই অলস সময়ে ৮৭ শতাংশ যাত্রী তাঁদের ট্রাভেলিং পার্টনারের সঙ্গে যৌন সম্পর্ক করেন।

নাম প্রকাশ না করার শর্তে নরওয়েজিয়ান বিমানের একজন কেবিন ক্রু বলেন, এ ধরনের বেশির ভাগ যাত্রীই মাইল হাই ক্লাবের সুযোগ নিতে চান। মাসে অন্তত একজন নতুন যাত্রী এই সুযোগ নেওয়ার চেষ্টা করেন। তবে এ ক্ষেত্রে তাঁদের ৩০ শতাংশ হয়তো সফল হতে পারেন।

নরওয়েজিয়ান বিমানের ওই কেবিন ক্রু বলেন, ‘আমরা দেখেছি, যাত্রীরা বিমানে একদম অপরিচিত কারও সঙ্গে অল্প সময়েই সখ্য গড়ে তোলেন। তারপর দুজনে বিমানের প্রসাধন কক্ষের দিকে একসঙ্গে ছুটে যান।’

গবেষণা প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে ৫৪ শতাংশ কেনাকাটা করেন, ৬৭ শতাংশ খাওয়াদাওয়া নিয়ে ব্যস্ত থাকেন, ৪১ শতাংশ স্মার্টফোনে বা ট্যাবে গেমস খেলেন, ৩৯ শতাংশ টিভি শো ও সিনেমা দেখেন, ১১ শতাংশ ই–মেইল চেক করেন এবং ২৫ শতাংশ যাত্রী বই বা পত্রিকা পড়েন।

বিমানবন্দরে অপেক্ষায় থাকা অবস্থায় এবং বিমান উড্ডয়নের পর দীর্ঘ সময়টাতে যাত্রীরা কী করে সময় কাটান—এ গবেষণা করতে গিয়েই এসব তথ্য পেয়েছে জেটকস্ট।