পাকিস্তান আগামী ১০ বছরে অর্থাৎ ২০২৫ সালের মধ্যে বিশ্বের পঞ্চম বৃহত্তম পরমাণু ক্ষমতাধর দেশে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রের একটি শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান ‘পাকিস্তানের পরমাণু অস্ত্রভান্ডার ২০১৫’ শিরোনামের এক প্রতিবেদনে এ কথা বলেছে।
ভারতের আক্রমণ ঠেকাতেই কৌশলগত পরমাণু অস্ত্র তৈরি করা হয়েছে— পাকিস্তানের এ বক্তব্যের পরদিনই ওই প্রতিবেদনটি প্রকাশ করা হলো। খবর এনডিটিভি ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
মার্কিন গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন হ্যান্স এম ক্রিস্টেনসেন ও রবার্ট এস নরিস। হ্যান্স এম ক্রিস্টেনসেন ওয়াশিংটনে অবস্থিত ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের পরমাণু তথ্য প্রকল্পের পরিচালক। আর রবার্ট এস নরিস এই প্রকল্পের জ্যেষ্ঠ ফেলো। তাঁদের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ভান্ডারে ১১০ থেকে ১৩০টি পারমাণবিক যুদ্ধাস্ত্র (ওয়্যারহেড) মজুত আছে। ২০১১ সালে সংখ্যাটা ছিল ৯০ থেকে ১১০টি। পাকিস্তানের গত ২০ বছরের পরমাণু তৎপরতা এবং সাফল্যের আলোকে এই হিসাব দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই হারে পাকিস্তানের পরমাণু সক্ষমতা বাড়তে থাকলে ২০২৫ সালের মধ্যে দেশটি বিশ্বের পঞ্চম বৃহত্তম পরমাণু শক্তিধর দেশে পরিণত হবে। দেশটিতে বর্তমানে প্লুটোনিয়াম উৎপাদনে নিয়োজিত চারটি পরমাণুচুল্লি এবং ইউরেনিয়াম স্থাপনা রয়েছে। সম্ভাব্য ভারতীয় ‘আগ্রাসন ও আধিপত্য’ ঠেকাতে পাকিস্তান স্বল্পপাল্লার পরমাণু যুদ্ধাস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এতে বলা হয়, পাকিস্তান বেশ কিছুসংখ্যক পরমাণু সক্ষমতাসম্পন্ন উৎক্ষেপক মোতায়েনের পরিকল্পনা করছে।
প্রতিবেদনে ক্রিস্টেনসেন বলেন, ভারত তার পরমাণু পরিকল্পনার ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে অনেক বেশি মনোযোগ দিচ্ছে চীনের দিকে। তিনি আশা প্রকাশ করে বলেন, ইসলামাবাদের পরমাণু পরিকল্পনা ভারত-পাকিস্তানের মধ্যে বিবাদ সৃষ্টির জন্য নয়।
পাকিস্তানের বর্তমানে ছয় ধরনের পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র আছে।