১০ মিনিটে ৭৬ হটডগ সাবাড়
মাত্র ১০ মিনিটে একটি–দুটি নয়, পাক্কা ৭৬টি হটডগ সাবাড় করে নতুন রেকর্ড গড়েছেন জোয়ি চেস্টনাট। ভেঙেছেন নিজের গড়া আগের রেকর্ড। নিছক মজার ছলে নয়, রীতিমতো প্রতিযোগিতায় নেমে একসঙ্গে এতগুলো হটডগ খেয়েছেন তিনি।
বিজয়ী হয়েছেন নাথান’স ইন্টারন্যাশনাল হটডগ ইটিং কনটেস্টের এবারের আসরে। এবার নিয়ে এই আয়োজনের ১৪টি আসরে জয় পেলেন জোয়ি।
প্রতিবছরই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কোনি আইল্যান্ডে বসে হটডগ খাওয়ার আন্তর্জাতিক এই আসর। দেশটির স্বাধীনতা দিবসের ছুটিতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিবছরের ধারাবাহিকতায় স্থানীয় সময় গত রোববার সেখানকার বিখ্যাত হটডগের দোকান নাথান’সের উদ্যোগে বসেছিল বার্ষিক এই প্রতিযোগিতার এবারের আসর।
এবারের আয়োজনে রানারআপ হয়েছেন জিওফ্রি এসপার। নির্ধারিত সময়ের মধ্যে জিওফ্রি ২৬টি হটডগ কম খেয়েছেন জোয়ির চেয়ে।
এর আগে এই আয়োজনের ১৫ আসরের মধ্যে ১৪টিতেই বিজয় ছিনিয়ে নিয়েছেন জোয়ি। তাঁরও আগে টানা ছয়বার বার্ষিক এই আসরের বিজয়ী ছিলেন জাপানের তাকেরু কোবায়াশি। পরে জোয়ি টানা জয় পেয়ে আসছিলেন। মাঝে ২০১৫ সালে তাঁকে হারিয়ে খেতাব জিতেছিলেন ম্যাট স্টোনি নামের একজন। তবে ওই একবারই। পরের বছরই হারানো খেতাব আবারও দখলে নেন জোয়ি।
করোনা মহামারির কারণে গত বছরের আয়োজনে দর্শকসমাগম নিষিদ্ধ ছিল। এবার দর্শকদের সামনেই হটডগ সাবাড় করেছেন প্রতিযোগীরা। প্রতিক্রিয়ায় জোয়ি বলেন, ‘এটা ভীষণ ভালো একটি অনুভূতি। এমনকি খেতে খেতে আমি যখন ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তখনো সবাই আমাকে উৎসাহ দিয়েছে।’
এদিকে ১০ মিনিটে ৩০টির বেশি হটডগ খেয়ে এবারের আয়োজনে মেয়েদের মধ্যে বিজয়ী হয়েছেন মাইকেল লেসকো। এই প্রতিযোগিতায় এবারই প্রথম বিজয়ী হয়েছেন তিনি। দ্বিতীয় হয়েছেন সারাহ রদ্রিগেজ। তিনি একই সময়ে প্রায় ২৪টি হটডগ খেয়েছেন। তবে এই প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে সাতবার বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে মিকি সুদোর। সন্তানসম্ভবা হওয়ায় এবারের আসরে অংশ নেননি মিকি।