১২ খুনের আসামি জেমস হোমসের মৃত্যুদণ্ড হলো না
সিনেমা হলে ঢুকে ১২ জনকে গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত যুবক জেমস হোমসকে মৃত্যুদণ্ডের সাজা থেকে রেহাই দিয়েছেন যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি আদালত। গত শুক্রবার দেওয়া রায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর এএফপি ও বিবিসির।
জেমস হোমস ২০১২ সালের ২০ জুলাই কলোরাডো অঙ্গরাজ্যের অরোরা শহরে সেঞ্চুরি ১৬ নামের একটি সিনেমা হলে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করেন।
মামলার শুনানিতে বাদীপক্ষ যুক্তি দেখান তখন ২৭ বছর বয়সী হোমস হত্যাকাণ্ডের সময় মানসিকভাবে অসুস্থ ছিলেন। বিচারক তাঁদের যুক্তির সঙ্গে একমত পোষণ করে বলেন, হোমস মানসিকভাবে অসুস্থ থাকলেও তাঁর কৃতকর্মের জন্য দায়ী। তবে এ জন্য তাঁর সাজা মৃত্যুদণ্ড হবে না।
হোমসের গুলিতে ভেরোনিকা মোসা-সুলিভান নামের ছয় বছরের এক শিশুও মারা যায়। আদালত প্রাঙ্গণে থাকা শিশুটির দাদা রবার্ট সুলিভান বলেন, ‘এটা কোনো ন্যায়বিচার হলো না।’
রাষ্ট্রপক্ষ হোমসকে মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেছিল। সরকারি অ্যাটর্নি জর্জ ব্রাউচলার বলেন, ‘হোমস যে অপরাধ করেছেন, এর জন্য তাঁর মৃত্যুদণ্ডই হওয়া উচিত।’