অবৈধভাবে যাত্রী পরিবহন করার অভিযোগে ১৩৭টি ইয়েলো ক্যাবচালককে শনাক্ত করেছে নিউইয়র্কের ট্যাক্সি ও লিমোজিন কমিশন (টিএলসি)। নিউইয়র্কে জন এফ কেনেডি এয়ারপোর্টে ইয়েলো ট্যাক্সিক্যাবের টার্মিনালে দীর্ঘদিন ধরে অবাধে এমন দুর্নীতি চলছে। ট্যাক্সিক্যাব ডেসপাচারদের সহযোগিতায় ১০ ডলারের বিনিময়ে শতাধিক ইয়েলো ট্যাক্সিচালক বেআইনিভাবে বিমানবন্দর থেকে এক্সপ্রেসযাত্রী নেওয়ার সুবিধা ভোগ করত।
জন এফ কেনেডি এয়ারপোর্টের সেন্ট্রাল লটে তিন থেকে চার ঘণ্টার অপেক্ষার পর ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে স্ক্যান করে নির্দেশনা অনুযায়ী ইয়েলো ক্যাবকে টার্মিনালে পাঠানো হয়। সেন্ট্রাল টার্মিনালে রয়েছে কম্পিউটারচালিত চারটি বুথ। সেসব বুথ অতিক্রমের সময় চালক দেখে নেন, তার টার্মিনালের নির্দেশনা। টার্মিনালের বুথগুলোর পাশাপাশি রয়েছে নিয়ন্ত্রণ অফিস। সেখানে নিয়মিত পাহারায় দুজন সুপারভাইজার ছাড়াও চারজন ডেসপাচার সার্বক্ষণিক দায়িত্ব পালন করে থাকেন।
এর মধ্যেই দীর্ঘদিন থেকে জন এফ কেনেডি এয়ারপোর্টে এমন অবৈধ কাণ্ড চলে আসছে। প্রতি বছরই এমন ঘটনায় ডেসপাচার ধরা পড়ে। অনেকে চাকরিচ্যুত হলেও বন্ধ হয়নি অব্যবস্থাপনা। নিরীহ ক্যাবিচালকেরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকে। ক্যাবচালকেরা পোর্ট অথোরিটি ও ট্যাক্সি লিমোজিন কমিশনের কাছে বারবার অভিযোগ করেও অনিয়মের সুরাহা হয়নি। সমস্যা নির্মূলে পোর্ট অথোরিটি ও টিএলসি ২০১২ সালে কম্পিউটার প্রযুক্তির সহায়তায় ট্যাক্সি ডেসপাচ শুরু করে। এ ব্যবস্থায় প্রত্যেক ইয়েলো ক্যাবকে একটি প্রযুক্তি শনাক্ত স্ক্যানিং ট্যাগ লাগানো হয়। মিলিয়ন ডলার ব্যয়ে চালু করা হয় স্ক্যানিং সিস্টেম। সেন্ট্রাল টার্মিনালে ঢোকা ও বের হওয়ার সময় স্ক্যান হয়ে থাকে ক্যাবের প্লেট নম্বর।
অনিয়ম ও দুর্নীতি বন্ধে কমিশন পদক্ষেপ নিলেও কোন সুরাহা হয়নি। সেন্ট্রাল টার্মিনালের দুর্নীতিবাজ ডেসপাচাররা ট্যাক্সি নিয়ন্ত্রণ অফিস থেকেই তাদের সঙ্গে অসাধু চুক্তির চালককে সিস্টেমে এনে ফোনে কিংবা টেক্সট করে জানিয়ে দেয় যাত্রীর টার্মিনাল নম্বর।
বিমানবন্দরে যাত্রী পরিবহনের জন্য আটটি টার্মিনাল রয়েছে। ফ্লাইট অবতরণের পর টার্মিনালে কর্মরত ডেসপাচার সেন্ট্রাল টার্মিনালে ক্যাব পাঠানোর বার্তা পাঠায় এবং সেন্ট্রাল টার্মিনাল থেকে চাহিদা অনুযায়ী ক্যাব পাঠানো হয়। এটিই নিয়ম। প্রতারকচক্র ভিন্ন পথে সুপারভাইজারের সহযোগিতায় বিভিন্ন অজুহাত দেখিয়ে আলাদা ট্যাগ ইস্যু করে নেয়। অর্থাৎ একই ক্যাবে ডাবল ট্যাগ ব্যবহার করে, ডাবল ট্যাগের একটি অংশ সহযোগী ডেসপাচারের কাছে রক্ষিত থাকে। রক্ষিত ট্যাগ প্রয়োজনে ডেসপাচার ব্যবহার করে। ক্যাবিকে সেন্ট্রাল লটে আসার প্রয়োজন হয় না।
অভিযোগ রয়েছে, সেন্ট্রাল ট্যাক্সিক্যাব লাইনে ঘণ্টার পর ঘণ্টা চালকেরা দাঁড়িয়ে থাকে। অথচ কিছু চালক অসাধু উপায়ে ১০ ডলারের বিনিময়ে এক্সপ্রেস সার্ভিস পেয়ে থাকে। ভিন্ন আরেক প্রক্রিয়ায় যাত্রী ওঠায়। সে ক্ষেত্রে ট্যাগ স্ক্যানিং করারও প্রয়োজন হয় না। অনেক টার্মিনালে যাত্রীসেবায় ডেসপাচারদের সঙ্গে চালকদের যোগসূত্র থাকে। ফ্লাইট অবতরণের সঙ্গে সঙ্গে ডেসপাসার ফোনে বা টেক্সট করে চালককে আসতে বলে। চালক ডেসপাচারের কলের অপেক্ষায় থাকে কাছে কোথাওয়।
জন এফ কেনেডি বিমানবন্দরে উৎকোচের বিনিময়ে এমন অনিয়ম চলে। পোর্ট অথোরিটি, টিএলসির কাছে অভিযোগ করা হলেও সমাধান বা সুরাহা হচ্ছে না। ইয়েলো ইন্ডাস্ট্রির বর্তমান মন্দার সময়ে নিরীহ চালকদের অর্ধেক দিনের শিফট চলে যায় বিমানবন্দরের সেন্ট্রাল লটে। গত সপ্তাহে টিএলসি ও পোর্ট অথোরিটি অনুসন্ধান করে ১৩৭টি ক্যাবকে চিহ্নিত করেছে। এদের ট্যাগ বাতিল করে নতুন ট্যাগ সংগ্রহ করতে নোটিশ দিয়েছে। এদের বিরুদ্ধে সমন জারি হবে এবং শুনানির পর তাদের টিএলসি লাইসেন্স বাজেয়াপ্ত কিংবা মোটা অঙ্কের জরিমানা হতে পারে। এ ছাড়া স্ক্যান ছাড়া যারা ডেসপাচের সহযোগিতায় সরাসরি যাত্রী পরিবহন করছে ,তাদের ধরার জন্য টিএলসি নতুন করে তৎপর রয়েছে।